আ’লীগেই আস্থা সাকিবের
Printed Edition
ক্রীড়া ডেস্ক
বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান স্পষ্ট করে জানিয়েছেন, তার রাজনৈতিক অবস্থান অপরিবর্তিত। তিনি আওয়ামী লীগের সাথেই প্রতিজ্ঞাবদ্ধ এবং দল পরিবর্তনের কোনো ইচ্ছা তার নেই। সাম্প্রতিক এক দীর্ঘ সাক্ষাৎকারে তিনি বলেন, ‘পল্টি দেয়ার অভ্যাস আমার নেই,’ এবং ভবিষ্যতেও একই অবস্থানে থাকার ইঙ্গিত দেন।
বর্তমান রাজনৈতিক বাস্তবতায় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকলেও, এটি স্থায়ী হবে না বলেই বিশ্বাস সাকিবের। তার ভাষায়, ‘কাউকে চিরদিন নিষিদ্ধ করে রাখা যায় না। এটা মানুষের গণতান্ত্রিক অধিকার।’ তিনি মনে করেন, কোনো রাজনৈতিক শক্তিকে দীর্ঘদিন দমন করে রাখলে তা দেশের রাজনীতি বা উন্নয়নের জন্য ইতিবাচক নয়।
২০২৪ সালের জানুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচিত হন সাকিব। তবে ওই বছরের ৫ আগস্ট সরকার পতনের সময় তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন এবং এরপর থেকে দেশে ফেরা হয়নি তার। দেশে ফেরার প্রসঙ্গে তিনি বলেন, হয়রানির আশঙ্কা দূর হলে দ্রুতই ফিরতে চান। সম্প্রতি ভারতের মুম্বাইয়ে একটি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ইভেন্টে অংশ নেন এই অলরাউন্ডার। সেখানে থেকেই গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি তার দেশে ফেরার প্রচেষ্টা নিয়েও কথা বলেন। বিসিবির সাথে যোগাযোগ ছিল উল্লেখ করে তিনি জানান, তাকে ফেরানোর বিষয়ে আলোচনা হলেও তা বাস্তবে রূপ নেয়নি। তার মতে, ‘বাংলাদেশে অনেক কিছুই বাস্তব হতে পারে, আবার না-ও হতে পারে। সবকিছু নির্ভর করে বাস্তবায়নের ওপর।’
রাজনীতির অতীত ও বর্তমান প্রসঙ্গে সাকিব স্বীকার করেন, অতীতে বিভিন্ন দল ভুল করে থাকতে পারে। তবে সেই ভুলের পুনরাবৃত্তি না করে একটি নতুন ধারা শুরু করার আহ্বান জানান তিনি। ‘এই চক্র থেকে বের হতে হবে। যে দলই এটি করতে পারবে, তারাই মানুষের আস্থা অর্জন করবে’।