গফরগাঁওয়ে ইসলামী কুইজ ও পুরস্কার বিতরণ
Printed Edition
গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা
ময়মনসিংহের গফরগাঁওয়ে পবিত্র রমজান উপলক্ষে শতাধিক কুরআনের হাফেজ ও শিক্ষার্থীর অংশগ্রহণে ইসলামী কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোকিত গফরগাঁও’-এর উদ্যোগে গত রোববার দুপুরে পৌর শহরের ইতক্বানুল কুরআন সুলতানিয়া মাদরাসা মিলনায়তনে এ আয়োজন করা হয়।
গফরগাঁও সাংবাদিক কল্যাণ ফোরামের সার্বিক সহযোগিতায় আয়োজিত এই প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসার শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে ক্রেস্ট, সম্মাননা ও মূল্যবান ইসলামী বই তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- গফরগাঁও সাংবাদিক কল্যাণ ফোরামের সভাপতি রোবেল মাহমুদ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খান, আলোকিত গফরগাঁওয়ের সহসাধারণ সম্পাদক প্রভাষক সাব্বির কামাল, মাওলানা রাকিবুল ইসলাম মাহমুদী ও মুফতি ইমরান হোসাইন আজাদসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে ইসলামী জ্ঞান ও নৈতিকতার প্রসারে প্রতি বছরের মতো এবারো এই আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও ধর্মীয় কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা। অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।