যশোর সফটওয়্যার পার্ক

৩০ এপ্রিলের মধ্যে টেকসিটিকে ব্যবস্থাপনার দায়িত্ব ছাড়তে হবে

এম আইউব, যশোর অফিস
Printed Edition
bangla-2
যশোর সফটওয়্যার পার্ক : নয়া দিগন্ত

আগামী ৩০ এপ্রিলের মধ্যে যশোর সফটওয়্যার টেকনোলজি পার্কের ব্যবস্থাপনার দায়িত্ব থেকে সরে যেতে হবে আওয়ামী ফ্যাসিবাদের দোসর টেকসিটি কোম্পানিকে। বেশুমার অনিয়ম, দুর্নীতি আর অনৈতিক কার্যকলাপের অভিযোগ এই কোম্পানিটির বিরুদ্ধে। বিনিয়োগকারীদের দাবির মুখে টেকসিটিকে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটি। এর আগে গত ১২ ফেব্রুয়ারি এক চিঠিতে তাদের সব কার্যক্রম বাতিল ঘোষণা করা হয়।

সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, গণবিরোধী চুক্তি, অনিয়ম ও দুর্নীতিসহ নানা অভিযোগ ছিল টেকসিটির বিরুদ্ধে। আওয়ামী সরকারের ছত্রছায়ায় লাগামহীন অপকর্ম করেছে এই কোম্পানি। এসব কারণে আগামী ৩০ এপ্রিলের মধ্যে এই কোম্পানিকে চূড়ান্তভাবে চলে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

বিনিয়োগকারীদের অভিযোগ, টেকসিটি দীর্ঘ দিন ধরে যশোরের এই পার্কটিতে ব্যবসায়িক পরিবেশ তৈরিতে বাধা প্রদান করছে। এ কারণে ব্যবসায়ীরা যেমন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, ঠিক তেমনিভাবে সরকারও রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে।

কেবল তাই না, টেকসিটির সাথে গণবিরোধী চুক্তির কারণে রাষ্ট্রের অনেক টাকা আত্মসাৎ করেছে কোম্পানিটি। এসব তদন্ত করে প্রকাশ করাসহ ১০ দফা দাবিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টার কাছে স্মারকলিপি দেন বিনিয়োগকারীরা। নানা কর্মসূচিও পালন করেন বিনিয়োগকারী, কর্মকর্তা ও কর্মচারীরা।

২০১৭ সালের ১০ ডিসেম্বর যশোরে দেশের প্রথম সফটওয়্যার টেকনোলজি পার্ক উদ্বোধন করা হয়। নাম দেয়া হয় শেখ হাসিনা সফটওয়্যার ও টেকনোলজি পার্ক। উদ্বোধনের কিছুদিনের মধ্যে আওয়ামী সরকার তাদের ঘনিষ্ঠ ওয়াহেদ শরীফের কোম্পানি টেকসিটি বাংলাদেশ লিমিটেডকে সফটওয়্যার পার্কটি পরিচালনার দায়িত্ব দেয়। অসম এই চুক্তির শর্তানুযায়ী, পার্ক থেকে আহরিত রাজস্বের ৮২ শতাংশ পাবে টেকসিটি। অথচ তাদের কোনো বিনিয়োগ নেই পার্কটিতে। আর সরকার পাবে মাত্র ১৮ শতাংশ। যদিও সরকারিভাবে এটি নির্মিত, টেকসিটির দুর্নীতি, অনিয়ম ও অব্যবস্থাপনা ছিল প্রকাশ্যে।

এ ব্যাপারে যশোর সফটওয়্যার টেকনোলজি পার্ক ইনভেস্টরস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহজালাল বলেন, শুরু থেকেই তারা বিনিয়োগকারী হিসেবে এখানে ব্যবসা পরিচালনা করে আসছে। কিন্তু টেকসিটি বিনিয়োগকারীদের সুবিধা দেখেনি কোনোদিন। তারাই কেবল লাভবান হয়েছে।