সিলেটে ভোজ্যতেল সঙ্কট তীব্র, বেশি দামে বিক্রি

Printed Edition

সিলেট ব্যুরো

জ্বালানি তেলের অস্থিরতার রেশ কাটতে না কাটতেই সিলেটের বাজারে দেখা দিয়েছে ভোজ্যতেলের তীব্র সঙ্কট। নগরীর অধিকাংশ মুদি দোকানে বোতলজাত সয়াবিন তেল মিলছে না। কোথাও কোথাও সীমিত পরিমাণে পাওয়া গেলেও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি করা হচ্ছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ ক্রেতারা।

গত শুক্রবার নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ৮-১০টি দোকান খুঁজেও অনেক ক্ষেত্রে তেল পাওয়া যাচ্ছে না। বেশির ভাগ মুদি দোকানে বোতলজাত তেল নেই বললেই চলে। তবে কিছু সুপারশপে সীমিত পরিমাণে তেল পাওয়া যাচ্ছে। বাজারে প্রতি লিটার সয়াবিন তেল বিক্রি হচ্ছে ২১০ থেকে ২১৫ টাকায়, যেখানে বোতলে নির্ধারিত মূল্য ১৯৫ টাকা। ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ কমে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তাদের দাবি, উৎপাদনকারী কোম্পানিগুলো চাহিদার তুলনায় কম তেল সরবরাহ করছে, যার ফলে বাজারে সঙ্কট তৈরি হয়েছে। অনেক খুচরা ব্যবসায়ী অভিযোগ করেছেন, বোতলজাত তেল নিতে হলে অন্য পণ্যও কিনতে বাধ্য করা হচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, রমজান ও ঈদকে কেন্দ্র করে শুরু হওয়া এই সঙ্কট কিছুদিন স্বাভাবিক থাকলেও সম্প্রতি আবারো তীব্র আকার ধারণ করেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, জ্বালানি তেলের অস্থিরতা ও আন্তর্জাতিক বাজার পরিস্থিতিকে অজুহাত হিসেবে ব্যবহার করে একটি মহল কৃত্রিম সঙ্কট তৈরি করছে।

এদিকে ভোজ্যতেলের অস্বাভাবিক মজুদ ঠেকাতে দেশজুড়ে অভিযান চালাচ্ছে র‌্যাব। একদিনে ২০টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিপুল পরিমাণ তেল জব্দ করা হয়েছে। সিলেট বিভাগের বিভিন্ন এলাকাতেও মজুদবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। সিলেটের সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা আবুল সালেহ মো: হুমায়ুন কবির জানান, স্থানীয় বাজারে তেলের সরবরাহ স্বাভাবিক নেই। তার মতে, কোম্পানিগুলো ইচ্ছাকৃতভাবে সরবরাহ কমিয়ে দাম বাড়ানোর চেষ্টা করছে। তিনি বলেন, চাহিদার তুলনায় মাত্র ১০ থেকে ১৫ শতাংশ তেল বাজারে আসছে। ফলে সঙ্কট আরো ঘনীভূত হচ্ছে। এ বিষয়ে একটি প্রতিবেদন বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো হবে বলেও জানান তিনি। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা বলেন, বাজার পরিস্থিতি তাদের নজরে রয়েছে। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং রোববার থেকে বাজার মনিটরিং জোরদার করা হবে। কেউ অতিরিক্ত দামে তেল বিক্রি বা মজুদ করলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন তিনি।