চট্টগ্রামে নিজস্ব অর্থায়নে বির্জাখাল খনন করবে জামায়াতে ইসলামী

চট্টগ্রাম ব্যুরো
Printed Edition

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে এবার নিজস্ব জনবল ও অর্থায়নে খাল করবে জামায়াতে ইসলামী। নগরীর প্রায় এক কিলোমিটার বির্জাখাল খনন কাজ আগামীকাল শনিবার আনুষ্ঠানিকভাবে শুরু করবে জামায়াত। চট্টগ্রাম সিটি মেয়র ডা: শাহাদাত হোসেন আনুষ্ঠানিকভাবে এই খাল খনন ও সংস্কার কার্যক্রম উদ্বোধন করবেন বলে জানা গেছে।

জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সূত্র জানিয়েছে, আগামীকাল উদ্বোধন অনুষ্ঠান শেষে জামায়াত সহ¯্রাধিক জনবল নিয়ে খননকাজের পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালাবে বির্জাখালে। সূত্র জানায়, ইছাকের পুলে বির্জাখালের শুরু থেকে মাজহারুল উলুম মাদরাসা পর্যন্ত প্রায় এক কিলোমিটার দীর্ঘ খালটিতে দৈনিক ৩-৪শ’ জনবল নিয়ে খননকাজ পরিচালনা করবে জামায়াতে ইসলামী। এই সিটি করপোরেশনের কর্মীরাও সহযোগিতা করবে বলে সূত্র জানায়। পুরো খননকাজ জামায়াতের অর্থায়নেই হবে বলেও সূত্র জানায়। এ দিকে জামায়াতের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে বর্ষাকালে নগরবাসীর দুঃখ জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে বির্জাখাল খনন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান সফল করার লক্ষ্যে এক সমাবেশ ও উদ্বোধন অনুষ্ঠান আগামীকাল শনিবার সকাল ৯টায় বাকলিয়ার মিয়াখান নগর অছিমিয়া রোডের দোস্ত মোহাম্মদ ভবনের মাঠে অনুষ্ঠিত হবে।

বুধবার রাতে নগর জামায়াতে ইসলামীর দেওয়ানবাজারের বিআইএ মিলনায়তনে এ উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নগর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা জাকের হোসাইন, হামেদ হাসান ইলাহী, আমির হোসাইন। এতে আরো উপস্থিত ছিলেন জামায়াত নেতা অ্যাডভোকেট আবু নাসের, আ ম ম মসরুর হোসাইন, তাওহিদ আজাদ, বিশিষ্ট ব্যবসায়ী হারুনুর রশিদ, সাদুর রশিদ চৌধুরী, অ্যাডভোকেট মোস্তফা গালিব, এমদাদুল হক, আ ন ম জোবায়ের, হাবিবুর রহমান, আমজাদ হোসাইন, আমান উল্লাহ, সাইফুদ্দিন খালেদ প্রমুখ।