লাকী আখন্দের সুরে স্বরলিপির কণ্ঠে ‘না দুঃখ দিয়ে’
Printed Edition
বিনোদন প্রতিবেদক
গত ২১ এপ্রিল ছিল বাংলাদেশের কিংবদন্তি সুরস্রষ্টা, সঙ্গীতশিল্পী লাকী আখন্দের নবম মৃত্যুবার্ষিকী। শিল্পীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ ইউটিউবে প্রকাশ পাবে এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী তানজিনা করিম স্বরলিপির কণ্ঠে নতুন মৌলিক গান ‘না দুঃখ দিয়ে’। গানটি লিখেছেন গোলাম মুর্শেদ। আর এই সুর করা গানই মূলত দীর্ঘদিন অপ্রকাশিত অবস্থাতেই ছিল এই গীতিকারের কাছে। অবশেষে লাকী আখন্দের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গানটি স্বরলিপির কণ্ঠে প্রকাশ পেতে যাচ্ছে। স্বরলিপি বলেন, ‘আমার পরম সৌভাগ্য যে, শ্রদ্ধেয় লাকী আখন্দ স্যারের সুর করা গান আমি গেয়েছি। তিনি ইন্তেকাল করেছেন বেশ কয়েক বছর আগে। তার সুর করা গান গাইব- এটি তো আসলে ভাবনারও বাইরে ছিল। কিন্তু গোলাম মোর্শেদ ভাইয়ের কাছে লাকী স্যারের অনেকগুলো অপ্রকাশিত গান সুর করা ছিল। সেসব গানই এখন একে একে প্রকাশ পাবে। সেই ধারাবাহিকতায় আজ আমার গানটি ইউটিউবে প্রকাশ পাবে। এই গান আমার সঙ্গীত জীবনের এক আলাদা উচ্চতায় থেকে যাবে। আমি গোলাম মুর্শেদ ভাইয়ের কাছে আন্তরিকতভাবে কৃতজ্ঞ। গানটি সবাইকে শোনার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। কারণ গানটি গাইতে গিয়ে এর গভীরতা আমাকে ছুঁয়ে গেছে। আশা করছি শ্রোতাদেরও মনে ছুঁয়ে যাবে।’ এরই মধ্যে স্বরলিপি বাংলাদেশ বেতারে প্রচারের জন্য হীরেন্দ্র নাথ মৃধার কথায় ও মকসুদ জামিল মিন্টুর সুর সঙ্গীতে নতুন একটি মৌলিক গান গেয়েছেন। এছাড়াও নববর্ষে তিনি বিটিভিতে ‘নবীন আশা জাগল যে রে আজ’ নজরুল সঙ্গীতটি পরিবেশন করেন।