এবারের ঈদযাত্রা হবে স্বস্তির ও আনন্দদায়ক : নৌ ও সেতু প্রতিমন্ত্রী
Printed Edition
টাঙ্গাইল প্রতিনিধি
নৌপরিবহন ও সেতু প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেছেন, ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘœ ও আনন্দদায়ক করতে সরকার বদ্ধপরিকর। মন্ত্রণালয়, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দিনরাত অক্লান্ত পরিশ্রম করছেন। মঙ্গলবার মধ্যরাতে যমুনা সেতু (বঙ্গবন্ধু সেতু) এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ভাড়া প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, পরিবহন মালিকদের সাথে আলোচনার প্রেক্ষিতে এবার ১০ শতাংশ ভাড়া কম নেয়া হচ্ছে। যাত্রীদের সুবিধার্থে প্রতিটি নৌযানে ভাড়ার তালিকা টাঙিয়ে দেয়া হয়েছে। তিনি বলেন, ‘সকলে মিলে আমরা এই যাত্রা নির্বিঘœ করার চেষ্টা করছি। এখন পর্যন্ত বড় কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে কোনো অনিয়ম বা অভিযোগ পেলে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’
যমুনা নদীর নাব্যতা রক্ষা ও নদী ব্যবস্থাপনায় সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে রাজিব আহসান বলেন, ‘আমরা যমুনাকে হারিয়ে যেতে দেবো না। যমুনা নদীতে নিয়মিত খনন কাজ (ড্রেজিং) চালানো হবে।’ তিনি আরো উল্লেখ করেন যে, সড়ক ও রেলপথের পাশাপাশি নৌপথ সচল রাখা এবং প্রতিটি খাল ও নদীর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে মন্ত্রণালয় বিশেষ নজরদারি রাখছে।
পরিদর্শনকালে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার শরীফ রেজওয়ান, ফৌজিয়া হাবিব খান, কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুল ইসলামসহ সংশ্লিষ্ট দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।