শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের সদস্যরা

Printed Edition
back-4
সংরক্ষিত নারী আসনের এমপিরা গতকাল শপথ গ্রহণ করেন : নয়া দিগন্ত

সংসদ প্রতিবেদক

শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নবনির্বাচিত সংসদ সদস্যরা। গতকাল রোববার রাতে সংসদ ভবনের শপথকক্ষে (পূর্ব ব্লক, লেভেল-১) তাদের শপথবাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সংসদ সচিবালয় সচিব ব্যারিস্টার মো: গোলাম সরওয়ার ভূঁইয়া।

এ সময় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, স্থানীয় সরকার উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর,স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ মন্ত্রিসভার সদস্যারা উপস্থিত ছিলেন। ১১ দলের নেতৃবৃন্দের মধ্যে ছিলেন বিরোধীদলের চিফ হুইপ নাহিদ ইসলাম ও জামায়াতের এটিএম আজহারুল ইসলাম।

গত ৩০ এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন সংসদ সদস্যের নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)।

প্রকাশিত গেজেট অনুযায়ী সংরক্ষিত নারী আসনগুলোয় রাজনৈতিক দল ও জোটের অনুকূলে বণ্টন করা আসনের ভিত্তিতে ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তাদের জোট থেকে ৩৬ জন, জামায়াতে ইসলামী ও তাদের জোট থেকে ১২ জন এবং স্বতন্ত্র একজন নারী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।

বিএনপি জোট থেকে নির্বাচিত সংসদ সদস্যরা হলেন- সেলিমা রহমান, শিরীন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আরলী, ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, সাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলোফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জিবা আমিনা খান, মাহমুদা হাবীবা, মোসা: সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিনজ, সুবর্ণা সিকদার, শামীম আরা বেগম স্বপ্না, মোসাম্মৎ শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বীথিকা বিনতে হোসাইন, সুরাইয়া জেরিন, মানসুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলো, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, নাদিয়া পাঠান পাপন, শওকত আরা আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা। জামায়াত জোট থেকে নির্বাচিত সংসদ সদস্যরা হলেন- নূরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন্নাহার, নাজমুন নাহার, মাহফুজা হান্নান, সাজেদা সামাদ, শামছুন্নাহার বেগম, মারদিয়া মমতাজ, রোকেয়া বেগম, মাহমুদা আলম মিতু, তাসমিয়া প্রধান ও মাহবুবা হাকিম। এ ছাড়া স্বতন্ত্র থেকে নির্বাচিত হয়েছেন সুলতানা জেসমিন।

অপর দিকে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র নির্বাচন কমিশন (ইসি) বৈধ ঘোষণা করলেও গেজেট প্রকাশ না হওয়ায় তার শপথটি বাদ রয়েছে।