কালীগঞ্জে বিএনপিতে ক্ষোভ নৈরাজ্য ফুরফুরে মেজাজে জামায়াত

Printed Edition

রুহুল আমিন সৌরভ কালীগঞ্জ (ঝিনাইদহ)

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ-সদরের ৪ ইউনিয়ন) আসনে বিএনপি থেকে কাউকে মনোনয়ন না দেয়ায় ক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে। কয়েক দিনে বিভিন্ন বিক্ষোভ সভা সমাবেশ করছে মনোনয়ন প্রত্যাশী সাইফুল ইসলাম ফিরোজসহ দলের নেতাকর্মীরা। হতাশায় কান্নায় ভেঙে পড়তে দেখা গেছে অনেকের। কাফনের কাপড় পরে বিক্ষোভ করেছেন ক্ষুব্ধ নেতাকর্মীরা।

সাইফুল ইসলাম ফিরোজ দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে সোমবার দুপুরে সহকারী রিটার্নিং কর্মকর্তা উপজেলা নির্বাহী অফিসারের কাছে নমিনেশন জমা দিয়েছেন। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানকে দল পরিবর্তনের পর এ আসনে বিএনপির মনোনয়ন দেয়া হয়েছে। তিনিও সোমবার দুপুরে কালীগঞ্জে সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন জমা দিয়েছেন। ফলে ঝিনাইদহ-৪ নির্বাচনী এলাকার ভোটারদের আলোচনার কেন্দ্রবিন্দু এখন স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ ও ধানের শীষের প্রার্থী রাশেদ খান। অন্যদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামীতে কোন্দল না থাকায় তাদের প্রার্থী নেতাকর্মীদের নিয়ে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন। অনেকটা ফুরফুরে মেজাজে রয়েছে জামায়াত। দলটির প্রার্থী মাওলানা আবু তালিব রোববার বিকেল সাড়ে ৪টায় কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কাছে মনোয়নপত্র জমা দিয়েছেন।

কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ বলেন, ‘দলের বাইরে যাওয়া যাবে না। দল যে নির্দেশনা দেবে আমরা তৃণমূলের নেতাকর্মীরা তা পালন করব। দলের কাছে মনোনয়ন চেয়েছিলাম, দেয়নি। তবে কিভাবে নির্বাচন করব এ বিষয়ে এখনই কোনো মন্তব্য করব না। দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দেয়া হয়েছে সংগঠন নীতিবহির্ভূত কোনো কর্মকাণ্ডে যুক্ত না হওয়ার জন্য।

ঝিনাইদহ-৪ আসনটি কালীগঞ্জ উপজেলা এবং সদর উপজেলার চারটি ইউনিয়ন নিয়ে গঠিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনের ১২০ কেন্দ্রে তিন লাখ ৩৩ হাজার ৪৬১ হাজার ভোটার রয়েছে। এরমধ্যে পুরুষ এক লাখ ৬৮ হাজার ২৫৬ ও নারী এক লাখ ৬৫ হাজার ২০০ জন। এ ছাড়া পাঁচজন ট্রান্সজেন্ডার ভোটার রয়েছেন।