রাজধানীতে কালবৈশাখী ঝড়

মুষলধারে বৃষ্টিতে সড়কে জলাবদ্ধতা

Printed Edition
back-2
রাজধানীতে সন্ধ্যার পর হঠাৎই বজ্রসহ ঝুম বৃষ্টি নামে। এতে সারাদিনের ভ্যাপসা গরম কমলেও ঈদযাত্রী ও কেনাকাটায় বের হওয়া নগরবাসী চরম ভোগান্তিতে পড়েন : নয়া দিগন্ত

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে গতকাল সন্ধ্যায় মুষলধারে বৃষ্টি ও কালবৈশাখী ঝড় হয়েছে। এতে বিপাকে পড়েন কর্মস্থল থেকে ঘরে ফেরা মানুষ। মার্কেট ও গ্রামের বাড়িতে ফেরা যাত্রীরাও সমস্যায় পড়েন। এছাড়া রাজধানীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়।

ইফতারের পরপরই রাজধানীর আকাশে বিদ্যুৎ চমকানো ও ধূলিঝড়ের দেখা মেলে। সন্ধ্যা ঘনাতেই শুরু হয় দমকা হাওয়া, এরপর রাত নামার আগেই নগরীর বিভিন্ন এলাকায় নামে বৃষ্টি। এতে স্বস্তি ফিরলেও হঠাৎ কালবৈশাখী ঝড়ো হাওয়ায় ভোগান্তিতে পড়েন নগরবাসী।

রাজধানীর বিভিন্ন স্থানে খবর নিয়ে জানা যায়, মতিঝিল, আরামবাগ, ফকিরাপুল, শান্তিনগর, রাজারবাগসহ বিভিন্ন এলাকার সড়কে পানি জমে যায়। এতে ওই সব সড়কে যানজট লেগে যায়। এতে ভোগান্তিতে পড়েন পথচারী ও যাত্রীরা।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, একটি লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। পাশাপাশি মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে সক্রিয় রয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও ঝড়ো হাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে।

২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

তবে আবহাওয়া অফিস জানিয়েছে, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা আপাতত প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ অবস্থায় আগামী কয়েক দিন সন্ধ্যা বা রাতের দিকে এমন ঝড়-বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে তারা জানায়।