ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে লাঠিচার্জের প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ

Printed Edition
bangla-8
ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ : নয়া দিগন্ত

ফরিদপুর প্রতিনিধি

জাতিসঙ্ঘের তত্ত্বাবধানে শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার নিরপেক্ষ তদন্তের দাবিতে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জের ঘটনায় ফরিদপুরে বিক্ষোভ মিছিল করেছে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। গত শুক্রবার রাতে ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করেন। একই সাথে ঢাকায় চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে শিক্ষার্থীদের একটি দল সন্ধ্যায় ঢাকার উদ্দেশে রওনা দেয়।

জানা যায়, শুক্রবার বিকেলে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেল মোড় ও প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে পুলিশের সাথে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ জলকামান, কাঁদানে গ্যাস ও লাঠিচার্জ করে। এতে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র ফাতিমা তাসনিম জুমাসহ একাধিক আন্দোলনকারী ও কয়েকজন সাংবাদিক আহত হন। ঘটনার প্রতিবাদে ফরিদপুর শহরের রাজেন্দ্র কলেজের সামনে থেকে তাৎক্ষণিক মিছিল বের করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। মিছিলে সংগঠনের নেতারা পুলিশের ভূমিকার তীব্র সমালোচনা করেন। এক বিবৃতিতে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কাজী রিয়াজ বলেন, আন্দোলন দমনে পুলিশের সহিংসতা গ্রহণযোগ্য নয়। তিনি অভিযোগ করেন, অপরাধে জড়িতদের গ্রেফতারে গড়িমসি করা হচ্ছে এবং প্রকৃত অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। দ্রুত বিচার নিশ্চিত না হলে ১৩ ফেব্রুয়ারি থেকে কঠোর কর্মসূচির ঘোষণা দেন তিনি।