ডলারের বিপরীতে ইতিহাসের সর্বনিম্ন ভারতীয় রুপি
Printed Edition
দ্য হিন্দু
বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের উচ্চমূল্য এবং মধ্যপ্রাচ্য সঙ্কটের কোনো স্থায়ী সমাধান না হওয়ায় মার্কিন ডলারের বিপরীতে বড় ধরনের ধসের মুখে পড়েছে ভারতীয় রুপি। গতকাল শুক্রবার লেনদেনের শুরুতেই রুপির মান ৩৩ পয়সা কমে প্রতি ডলারের বিপরীতে ৯৪.২৯ রুপিতে দাঁড়িয়েছে, যা দেশটির ইতিহাসে এ যাবৎকালের সর্বনি¤œ রেকর্ড।
ফরেক্স ট্রেডারদের মতে, ভারতের অভ্যন্তরীণ শেয়ার বাজারে ব্যাপক দরপতন এবং বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের (এফআইআই) পুঁজি সরিয়ে নেয়ার প্রবণতা স্থানীয় মুদ্রার ওপর এই অতিরিক্ত চাপ সৃষ্টি করেছে। আন্তঃব্যাংক বৈদেশিক মুদ্রা বিনিময় বাজারে এদিন রুপি ৯৪.১৮-তে উন্মুক্ত হলেও দ্রুত তা আরো নিচে নেমে যায়। এর আগে গত বুধবার রুপির মান ৯৩.৯৬-তে নেমে নতুন রেকর্ড গড়েছিল এবং বৃহস্পতিবার রাম নবমীর সরকারি ছুটির কারণে বাজার বন্ধ ছিল।
ফিনরেক্স ট্রেজারি অ্যাডভাইজারস এলএলপির ট্রেজারি প্রধান অনিল কুমার বনশালি জানিয়েছেন, ব্রেন্ট ক্রুড তেলের দাম আবারও ব্যারেল প্রতি ১০৫.৭৫ ডলার ছাড়িয়ে যাওয়া এবং ডলার ইনডেক্স ১০০-এর কাছাকাছি পৌঁছানোয় রুপির এই দুর্বল অবস্থান তৈরি হয়েছে।