সুন্দর ভোট হলে আপত্তি আসে ভোট হওয়ার পর : সিইসি

Printed Edition

বিশেষ সংবাদদাতা

অতীতে আমরা দেখেছি সুন্দর ভোট হলে আপত্তিগুলো ওঠে ভোট হয়ে যাওয়ার পরে। এবারও তাই হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, জাতির কাছে যে ওয়াদা ছিল তা পূরণ করেছি। আমার আগ্রহের কেন্দ্রবিন্দু কিন্তু নির্বাচন। সুন্দর নির্বাচনের জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নারী দিবস উপলক্ষে গতকাল ইউএনডিপি ও ইসির যৌথ উদ্যোগে নির্বাচনী প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ জোরদার করা বিষয়ক এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ ও ইউএনডিপির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সিইসি বলেন, আমি শত শত মানুষকে জিজ্ঞেস করেছি; কিন্তু কেউ বলেনি যে আমি আমার ভোট দিতে পারিনি। গত নির্বাচনে আমি অনেক বয়স্ক নারীকে জিজ্ঞেস করেছি যে, আপনারা কোনো বাধা-বিপত্তি পেয়েছেন কি না? সবাই আমাকে বলেছেন, না আমরা কোনো বাধা পাইনি। আমি একজনের কথা শুনিনি যে, তারা ভোট দিতে পারেনি। অতীতে আমরা দেখেছি সুন্দর ভোট হলে আপত্তিগুলো পরে আসে। সবাই মিলে আমরা যে নির্বাচন করেছি এ জন্য আমি আনন্দিত। আমি আনন্দিত এ জন্য যে, আমি জাতির কাছে যে ওয়াদা ছিল তা পূরণ করতে পেরেছি।

নাসির উদ্দিন বলেন, এবার নির্বাচনে কিন্তু অনেক নারী ভোটের প্রক্রিয়ায় যুক্ত হয়েছে। অনেক ক্ষেত্রে অপপ্রচারের কারণে নারীদের অবদানকে খাটো করে দেখানো হয়। এ অপপ্রচার বন্ধ করতে হবে। যখন আমরা আরো সভ্যতার দিকে এগিয়ে যাবো, এটা আস্তে আস্তে কমে আসবে। নারীরা সমাজ গঠনে যত এগিয়ে আসবে, আমরা ততই উন্নয়ন করব। নারী উন্নয়নে আমাদের আরো কাজ করতে হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেয়ার বেশ কয়েকদিন পার হলেও আঙুলের কালি না ওঠায় হাস্যরসের ছলে সিইসি বলেন, কালি তো উঠছে না। ভয় হচ্ছে সামনের লোকাল গভর্নমেন্ট (স্থানীয় সরকার) নির্বাচনে এই কালি নিয়ে ভোট দিতে গেলে আবার ধরা খাই কি না! নির্বাচনের পর এক সাবেক সহকর্মী ফেসবুকে আমাকে উদ্দেশ করে পোস্টে লিখেছেন, মাননীয় প্রধান নির্বাচন কমিশনার, আপনি কি কালি লাগিয়েছেন? এই কালি তো উঠছে না। এ প্রসঙ্গে নাসির উদ্দিন বলেন, আমি নিজেও চেক করে দেখেছি, আমার হাতের কালি এখনো আছে।

আমি জানি না স্টিভ লিজ (সরবরাহকারী) কী ম্যাজিক করেছেন। বাংলাদেশের ইতিহাসে এবারই আমরা সেরা মানের কালি দিয়েছি। সাধারণত ভোট দিয়ে ঘষা দিলে কালি চলে যায়; কিন্তু এবারের কালি অবিশ্বাস্য রকম টেকসই। কালির মান যেমন টেকসই ছিল, নির্বাচনও তেমনি সুন্দর হয়েছে।