ফৌজদারহাট ক্যাডেট কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

Printed Edition
artho-6
ফৌজদারহাট ক্যাডেট কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

চট্টগ্রামের পাহাড় ও সমুদ্রবেষ্টিত ফৌজদারহাট ক্যাডেট কলেজে আন্ত:হাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ -এর সমাপনী অনুষ্ঠান গত বুধবার কলেজের অ্যাথলেটিক্স গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছে। তিন দিনব্যাপী এ প্রতিযোগিতায় শহীদুল্লাহ হাউজ চ্যাম্পিয়ন এবং রবীন্দ্র হাউজ রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল খন্দকার মো: শাহিদুল এমরান, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল, কমান্ড্যান্ট, বাংলাদেশ মিলিটারি একাডেমি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী নাজমুন নাহার। প্রধান অতিথি কলেজে পৌঁছালে তাকে স্বাগত জানান কলেজ অধ্যক্ষ মিসেস মাহিনুর আক্তার। অতিথিবৃন্দ ক্যাডেটদের মনোমুগ্ধকর ডিসপ্লে ও বিভিন্ন ক্রীড়া ইভেন্ট উপভোগ করেন।

প্রতিযোগিতা শেষে প্রধান ও বিশেষ অতিথি বিজয়ী ক্যাডেটসহ অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। বক্তব্যে প্রধান অতিথি ক্যাডেটদের শৃঙ্খলা, দক্ষতা ও কঠোর অনুশীলনের প্রশংসা করেন এবং শিক্ষকদের পাশাপাশি কর্মকর্তা-কর্মচারী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন। তিনি দেশমাতৃকার প্রয়োজনে যোগ্য নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে ক্যাডেটদের প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, বার্ষিক পাঠ্যক্রমিক ও সহপাঠক্রমিক কার্যক্রমের ধারাবাহিকতায় এ ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হয়। গত ২১ ডিসেম্বর রোববার শুরু হওয়া প্রতিযোগিতায় ক্যাডেটরা ৩০টি ইভেন্টে অংশগ্রহণ করে। এ ছাড়া কর্মকর্তা, অনুষদ সদস্য, কর্মচারী ও তাদের পরিবারের জন্য পৃথক ইভেন্টের আয়োজন ছিল। অনুষ্ঠানে ক্যাডেটদের অভিভাবকসহ সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।.