যুদ্ধবিরতি কার্যকর হলেই ইসরাইলের সাথে আলোচনা : লেবানন

Printed Edition

বিবিসি

লেবাননের প্রেসিডেন্টের কার্যালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, যুদ্ধবিরতি কার্যকর হলেই কেবলমাত্র আগামী সপ্তাহে ইসরাইলের সাথে সরাসরি আলোচনায় অংশ নেবে লেবানন। গতকাল শুক্রবার বিবিসিকে এই তথ্য জানান তিনি। এ দিকে বৈঠকের দিন ও সময় এখনো নির্ধারণ করা হয়নি। লেবানন ও ইসরাইলের মধ্যে সরাসরি আলোচনা একেবারে নজিরবিহীন নয়, তবে তা খুবই বিরল। সাধারণত দুই দেশ যুক্তরাষ্ট্রের মতো মধ্যস্থতাকারীদের মাধ্যমে যোগাযোগ করে থাকে।

২০২৪ সালের নভেম্বরের যুদ্ধবিরতি চুক্তির পর থেকেই আলোচনার উদ্যোগ নেয়ার চেষ্টা চলছিল, যেখানে এর আগে যুক্তরাষ্ট্রের দূতরা উভয়পক্ষের মধ্যে পরোক্ষ আলোচনা পরিচালনা করেছেন। উল্লেখ্য, ইরানে হামলা বন্ধ করলেও লেবাননে অভিযান চালিয়েই যাচ্ছে ইসরাইল। ইরান এটাকে ‘যুদ্ধবিরতি লঙ্ঘন’ বলে দাবি করলেও ইসরাইল বলছে, লেবানন যুদ্ধবিরতির অন্তর্ভুক্ত নয়।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের চাপে লেবাননের সাথে আলোচনা করতে রাজি হয়েছে ইসরাইলি কর্তৃপক্ষ। আগামী সপ্তাহে ওয়াশিংটনে তাদের দুই পক্ষের আলোচনা হতে পারে। তবে যুক্তরাষ্ট্রে লেবানন ও ইসরাইলের মধ্যে যে যুদ্ধবিরতি আলোচনা হওয়ার কথা রয়েছে তা প্রকৃত আলোচনার বদলে কেবল ‘প্রস্তুতিমূলক’ বৈঠক।

লেবাননের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি। সূত্রটি জানায়, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরে অনুষ্ঠিত বৈঠকটি প্রস্তুতিমূলক, এটি কোনো আলোচনা নয়। কান-এর রেডিও রিপোর্টের তথ্য মতে, এই আলোচনার মূল বিষয় হবে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা এবং হিজবুল্লাহর ইউনিটগুলোকে নিরস্ত্রীকরণ। একই সাথে ইসরাইল জানিয়েছে, হিজবুল্লাহ যদি ইসরাইলের ওপর হামলা চালায়, তাহলে তারা পাল্টা আক্রমণের অধিকার সংরক্ষণ করবে।

এর আগে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তিনি লেবাননের সঙ্গে যত দ্রুত সম্ভব সরাসরি আলোচনার নির্দেশ দিয়েছেন। অ্যাক্সিওস-এর তথ্য অনুযায়ী, আগামী সপ্তাহে ওয়াশিংটনে এই আলোচনা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই আলোচনায় উভয়পক্ষই যুক্তরাষ্ট্রে নিযুক্ত তাদের রাষ্ট্রদূতদের মাধ্যমে প্রতিনিধিত্ব করবে।

২০২৪ সালের নভেম্বরে ইসরাইল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হলেও ২ মার্চ হিজবুল্লাহ সীমান্তে হামলার পর থেকে ইসরাইল দক্ষিণ লেবাননে বিমান হামলা ও স্থল অভিযান চালিয়ে যাচ্ছে।

এ দিকে ২ মার্চ থেকে দখলদার ইসরাইলি বাহিনীর হামলায় লেবাননে এক হাজার ৭৩৯ জন নিহত হয়েছে বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।