৮ মে রাজধানীতে শাপলার শহীদ গাথা অনুষ্ঠান

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, শাপলার শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এই স্মৃতিকে ধারণ করে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আগামী ৮ মে জাতীয় জাদুঘরে অনুষ্ঠিতব্য ‘শাপলার শহীদ গাঁথা’ ৫ মের গণহত্যা : স্মরণ ও মূল্যায়ন শীর্ষক কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করতে দেশবাসীর প্রতি তিনি আহ্বান জানান।

রোববার শাপলা স্মৃতি সংসদের নির্বাহী পরিষদের এক বৈঠক ‘শাপলা স্মৃতি প্রতিযোগিতা-২০২৬’-এ অংশগ্রহণকারী সব প্রতিযোগীর প্রতি

আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে এসব কথা বলেন তিনি। এ ছাড়াও বৈঠকে বক্তারা শাপলার শহীদদের স্মৃতি সংরক্ষণ, ইতিহাসের যথাযথ উপস্থাপন এবং জাতীয় চেতনা জাগ্রত করার লক্ষ্যে গৃহীত কর্মসূচিগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। বৈঠকে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদ সদস্য মাওলানা আতাউল্লাহ আমীন, নির্বাহী সভাপতি মাওলানা আবুল হাসানাত জালালী, সহসভাপতি মাওলানা ইলিয়াস হামিদী ও মাওলানা এহসানুল হক, সাধারণ সম্পাদক মাওলানা কামাল উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা জাকির হুসাইন, মাওলানা আরিফুর রহমান, মাওলানা হাবীবুল্লাহ সিরাজ, ফাতীহ মোহাম্মদ সুলাইমান, মাহমুদুল হাসান সাগর, আশরাফুল ইসলাম সাদ, শাহরিয়ার আলম, ইমাম হুসাইন ইলাতসহ অন্যান্য নেতৃবৃন্দ।