রূপগঞ্জে পুলিশের ওপর হামলা হাতকড়াসহ আসামি ছিনতাই
Printed Edition
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার বাসিন্দা হত্যা, মাদক ও অস্ত্রসহ ডজনখানেক মামলার পলাতক আসামি শামীম মিয়াকে (৪২) গ্রেফতারের পর দুর্বৃত্তরা ছিনিয়ে নিয়েছে। গতকাল ভোর সাড়ে ৫টার দিকে দুর্বৃত্তরা পুলিশের ওপর হামলা ও অবরুদ্ধ করার পর এ ঘটনা ঘটে। শামীম মিয়া চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৮ নম্বর ওয়ার্ডের আবদুল খালেদের ছেলে এবং উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক। এ ঘটনায় গতকাল বিকেল ৫টা পর্যন্ত চনপাড়ায় পুলিশের অভিযান অব্যাহত ছিল।
এ দিকে দুর্বৃত্তদের হামলায় রূপগঞ্জ থানার ওসিসহ ছয় পুলিশ আহত হয়েছেন। তারা হলেনন ওসি এ এইচ এম সালাউদ্দিন, এসআই রৌশন আলী, এসআই সিরাজুল ইসলাম, এসআই নাজিম উদ্দিন, কনস্টেবল আবদুস সামাদও শাহদাৎ হোসেন তাদের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
এ দিকে আসামি ছিনিয়ে নেয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে- হত্যা, মাদক ও অস্ত্রসহ ডজনখানেক মামলার পলাতক আসামি শামীম মিয়ার স্ত্রী সাথী আক্তার (৩১) চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের গোলাম কিবরিয়া (৩৬), দাদন মিয়া (৫১), ইমরান হোসেন (৩০), সাব্বির হোসেন (১৮), ইউনুস আলী (৩০), ইউসুফ মিয়া (৩৫), সুমন মিয়া (২৬), শফিকুল ইসলাম (২২), আজগর আলী (২৫), রুহুল আমীন (২৬) ও আফছার উদ্দিন (৪২)।
পুলিশ জানায়, গতকাল ভোর ৫টার দিকে রূপগঞ্জের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে তারা অভিযান চালিয়ে হত্যা, মাদক ও অস্ত্রসহ ডজনখানেক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শামীম মিয়াকে তার বাসা থেকে গ্রেফতার করে। বিষয়টি মুহূর্তের মধ্যেই চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় ছড়িয়ে পড়ে। এ সময় শামীম মিয়ার সমর্থক ও দুর্বৃত্তরা মিছিল করে রাম দা, রড, ছোরা, লাঠিসহ দেশীয় অস্ত্রেশস্ত্র নয়ে পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে ফেলে। একপর্যায়ে দুর্বৃত্তরা পুলিশের উপর চড়াও হয় এবং পিকআপ ভ্যানের চাকা কেটে দেয়। সেই সাথে ওপর হামলা চালিয়ে একটি ওয়াকিটকি, দুইটি মোবাইল ফোনসহ আটক শামীম মিয়াকে হাতকড়াসহ ছিনিয়ে নেয়। ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি।
খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সাত রাউন্ড ফাঁকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেও অবরুদ্ধ পুলিশ সদস্যদের উদ্ধার করে। পরে অভিযান চালিয়ে শামীম মিয়ার স্ত্রী সাথী আক্তারসহ ১২ জনকে আটক করা হয়। চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় অতিরিক্তি পুলিশ মোতায়েন করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহদী ইসলাম বলেন, হামলায় রূপগঞ্জ থানার ওসি এ এইচ এম সালাউদ্দিনসহ ছয় পুলিশ সদস্য আহত হয়েছে। পরে পুলিশ, র্যাব, গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত পলাতক আসামি শামীম মিয়ার স্ত্রী সাথী আক্তারসহ ১২ জনকে গ্রেফতার করে।
রূপগঞ্জ থানার এসআই ইউনুস আলী খান বাদি হয়ে পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাঁধা ও সরকারি মালামাল ক্ষয়ক্ষতির অভিযোগে ৪০ জনের দাম উল্লেখ এবং অজ্ঞাত ১৫০/২০০ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা করেছেন। এ ছাড়া আটকদের আদালতে পাঠানো হয়েছে।