খালিয়াজুড়িতে স্বাস্থ্যসেবা কেন্দ্রের তালা ভেঙে চুরি
Printed Edition
খালিয়াজুড়ি (নেত্রকোনা) সংবাদদাতা
নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলার মেন্দিপুর ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্রের তালা ভেঙে মালামাল লুটের ঘটনা ঘটেছে। গত শনিবার রাতে কোনো এক সময় এই চুরির ঘটনা ঘটে। এতে চিকিৎসা সরঞ্জামসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল খোয়া গেছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা দাবি করেছেন।
স্বাস্থ্যসেবা কেন্দ্রের ফার্মাসিস্ট মামুনুর রশিদ জানান, গত শনিবার বিকেলে তিনি কাজ শেষে অফিস তালাবদ্ধ করে চলে যান। পরদিন রোববার সকালে এসে দেখেন মূল ফটকের তালা ভাঙা। ভেতরে ঢুকে দেখা যায়, আলমারি ভেঙে জেনারেটর, সোলার সিস্টেম ব্যাটারি, কয়েকটি সিলিং ফ্যান ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম নিয়ে গেছে দুর্বৃত্তরা।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এস এম তৌকির আহমদ বলেন, এখানে নিরাপত্তা প্রহরীসহ চারটি পদ শূন্য। শুধু একজন আয়া দিনের বেলা কাজ করেন। জনবল সঙ্কটের সুযোগেই এই চুরির ঘটনা ঘটেছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আরেফিন আজিম চুরির ঘটনাকে দুঃখজনক আখ্যা দিয়ে জানান, নিজস্ব ভবন না থাকায় বর্তমানে পরিবার পরিকল্পনা অফিসের দু’টি কক্ষে সেবা কার্যক্রম চলছে। দ্রুত পৃথক ভবনের প্রয়োজন। খালিয়াজুড়ি থানার ওসি নাসির উদ্দিন বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আজ সোমবার এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। জড়িতদের শনাক্ত করে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।’