আজই সিরিজ নিশ্চিত করতে চায় স্বাগতিকরা
Printed Edition
জসিম উদ্দিন রানা
মিরপুরে আজ উত্তাপ ছড়াতে প্রস্তুত বাংলাদেশ-পাকিস্তান লড়াই। তিন ম্যাচের সিরিজে ইতোমধ্যে ১-০ ব্যবধানে এগিয়ে স্বাগতিকরা। ফলে দ্বিতীয় ম্যাচটি হয়ে উঠেছে সিরিজের ভাগ্য নির্ধারণী এক লড়াই। জিতলে সিরিজ নিশ্চিত করবে বাংলাদেশ, আর হারলে সিরিজে সমতা ফেরাবে পাকিস্তান। সব মিলিয়ে শ্বাসরুদ্ধকর এক ম্যাচের অপোয় ক্রিকেটপ্রেমীরা। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বেলা ২.১৫ মিনিটে। সরাসরি দেখাবে টি স্পোর্টস।
প্রথম ম্যাচে দারুণ এক পারফরম্যান্সে পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। ব্যাট-বল দুই বিভাগেই ছিল টাইগারদের দাপট। পেসার নাহিদ রানা তার আগুনঝরা বোলিংয়ে তুলে নেন দুর্দান্ত এক ফাইফার। আইসিসি থেকে সে কারণে শুভেচ্ছাও পেয়েছেন। তার সাথে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে বিভ্রান্ত হয়ে পড়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ। ফলে মাত্র ১১৪ রানেই থেমে যায় সফরকারীদের ইনিংস।
ছোট ল্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন তানজিদ হাসান তামিম। তার ঝড়ো ফিফটিতে খুব সহজেই জয় তুলে নেয় বাংলাদেশ। আট উইকেটের এই জয় শুধু স্কোরলাইনে নয়, আত্মবিশ্বাসেও এগিয়ে দিয়েছে স্বাগতিকদের। দীর্ঘ দিন পর পাকিস্তানের বিপে এমন একতরফা পারফরম্যান্স বাংলাদেশের সমর্থকদেরও দিয়েছে বাড়তি আনন্দ। আর বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের সর্বনিম্ন রানের ইনিংসের লজ্জা।
আজ দ্বিতীয় ম্যাচেও সেই ধারাবাহিকতা ধরে রাখতে চাইবে বাংলাদেশ। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই প্রথম ম্যাচে যে ছন্দ দেখা গেছে, সেটি বজায় রাখতে পারলে সিরিজ নিশ্চিত করা কঠিন হওয়ার কথা নয়। বিশেষ করে পেস ও স্পিনের মিশ্রণে তৈরি আক্রমণ পাকিস্তানের জন্য আবারো বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর থেকে সময়টা ভালো না গেলেও ঘরের মাঠে দারুণ খেলেছে বাংলাদেশ। এই সময়ে সাত ওয়ানডে সিরিজের মধ্যে যে দু’টি সিরিজ বাংলাদেশ জিতেছে, সেই দু’টিই ঘরের মাঠে। এ ছাড়া ২০২২ সালে ভারতের বিপে ওয়ানডে সিরিজও বাংলাদেশ জিতেছিল ঘরের মাঠে।
অধিনায়ক মিরাজ তার স্বভাবসুলভ হাসিতে জানিয়ে দিলেন, ‘আমরা আমাদের স্বাভাবিক খেলাটাই খেলব। সবাই একই চিন্তাধারায় বিদ্যমান। মূলত টিম গেমের প্রতি সবাই ঐকমত্য। একজনই যে প্রতিদিন জ্বলে উঠবে তেমন কোন কথা নেই। সবার সম্মিলিত পারফরম্যান্সই মুখ্য। অব্যশ সবার মনের মধ্যে জয়ই ঘুরপাক খাচ্ছে। এক ম্যাচ আগেই যদি সিরিজ নির্ধারণ হয়ে যায় তাতে মন্দ কি। মনে রাখতে হবে, দলটা কিন্তু পাকিস্তান। কখন যে কি করবে বা জ্বলে উঠবে তা বলা মুষ্কিল।
অন্য দিকে ঘুরে দাঁড়ানোর ল্য নিয়েই মাঠে নামবে পাকিস্তান। প্রথম ম্যাচের ব্যাটিং ব্যর্থতা তাদের জন্য বড় চিন্তার কারণ। শীর্ষ ব্যাটারদের দায়িত্ব নিতে হবে, পাশাপাশি বোলারদেরও দ্রুত উইকেট তুলে নিতে হবে। নাহলে সিরিজ হাতছাড়া হওয়ার শঙ্কা থেকেই যাবে।
মিরপুরের উইকেট বরাবরই স্পিন সহায়ক। ফলে আজও স্পিনারদের ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে। অধিনায়ক মিরাজের নেতৃত্বে বাংলাদেশ সেই সুবিধা কাজে লাগাতে চাইবে। আর পাকিস্তান চেষ্টা করবে নিজেদের ভুলগুলো শুধরে নিয়ে লড়াইয়ে ফিরতে।
সব মিলিয়ে আজকের ম্যাচে একদিকে সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের সামনে, অন্য দিকে সিরিজ বাঁচানোর মরিয়া লড়াই পাকিস্তানের। তাই মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজকের ম্যাচটি যে রোমাঞ্চে ভরপুর হতে যাচ্ছে, তা বলাই যায়। এখন দেখার বিষয়, বাংলাদেশ কি আজই সিরিজ নিশ্চিত করে, নাকি পাকিস্তান সমতা ফিরিয়ে এনে সিরিজকে নিয়ে যায় শেষ ম্যাচের উত্তেজনায়।
দলের বাজে পারফরম্যান্সে কোচ ও অধিনায়কের ওপর দিয়ে কী ঝড় বয়ে যায়, সেটা তারাই ভালো বলতে পারবেন। পাকিস্তানের সাদা বলের কোচ মাইক হেসনের এখন হয়েছে এই দশা। বাংলাদেশের কাছে বিধ্বস্ত হওয়ার পর পাকিস্তানের ওপর দিয়ে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। এখন হেসনকে বরখাস্তের দাবি তুলেছেন সাবেক ক্রিকেটার। কামরান আকমালের সাথে এক ইউটিউব চ্যানেলে পাকিস্তানের পারফরম্যান্স বিশ্লেষণ করতে গিয়ে বাসিত অভিযোগের আঙুল তুলেছেন হেসনের দিকে। বাসিত বলেন, ‘প্রথমে সেই লোকটাকে (হেসন) বরখাস্ত করুন। তিনি তাদের বলেছিলেন যে প্রথম ১০ ওভারের পাওয়ার প্লেতে কমপে ৬০ রান করতে। তিনি কখনো মাঠে ক্রিকেট খেলেননি। শুধু একটা কাগজ ধরিয়ে দেন। এখানে কন্ডিশন কেমন, তা কি তিনি দেখেননি? তিনি কি জানতেন না যে ভারতও বাংলাদেশের মাঠে হেরেছে?’
২০২৫ সালের মে মাসে পাকিস্তানের সাদা বলের কোচ হয়েছেন হেসন। তবে তার অধীনে পাকিস্তান আশানুরূপ খেলতে পারছে না। গত বছরে বাংলাদেশে এসে টি-টোয়েন্টি সিরিজ হেরেছে পাকিস্তান। এমনকি এশিয়া কাপের ফাইনালে উঠেও ভারতের কাছে হেরেছে হেসনের দল। আর ২০২৬ টি-২০ বিশ্বকাপে পাকিস্তান সুপার এইটে বিদায় নেয়ার পর তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। হেসনের কারণে পিসিবির নির্বাচক কমিটির পদ থেকে আলিম দার পদত্যাগ করেছিলেন।
তবে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় জানালেন অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি, ‘ক্রিকেটে এমন হতেই পারে। প্রথম ম্যাচে আমাদের বাজে দিন ছিল। প্রতিদিন যে এমন হবে এমন কোন কথা নেই। তাদের বোলার বেশি ভালো করেছে। সে তুলনায় আমাদের ব্যাটাররা লড়াই করতে পারেনি। দলের প্রতি আমার পূর্ণ আস্থা আছে। সেটি আগামীকালই (আজ) হতে পারে। সমতায় ফিরে তৃতীয় ম্যাচটিতে আগ্রহের জায়গা তৈরি করতে চাই।’