কাউকে ঈদের আনন্দ থেকে বঞ্চিত করা যাবে না : মোহাম্মদ সেলিম উদ্দিন
Printed Edition
নিজস্ব প্রতিবেদন
সমাজের সুবিধাবঞ্চিত ও পথশিশুদের ঈদের আনন্দকে সার্বজনীন ও উৎসবমুখর করতে সরকার, রাজনৈতিক দল এবং বিত্তবানদের মুক্তহস্তে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
গতকাল সকালে রাজধানীর উত্তরার রাজলক্ষ্মী মাঠে উত্তরা জামায়াত আয়োজিত ‘পথশিশুদের ঈদ আনন্দ’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। এই কর্মসূচির আওতায় পথশিশু ও রাস্তার মানুষের পছন্দমতো নতুন জামা-কাপড় উপহার দেয়া হয়। মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের সমস্যা সমাধানের মূল দায়িত্ব রাষ্ট্রের। কিন্তু সৎলোকের শাসনের অভাবে এই প্রান্তিক জনগোষ্ঠী আজ রাষ্ট্রীয় কল্যাণ থেকে বঞ্চিত হচ্ছে। সাধারণ মানুষের ঈদকে উপভোগ্য করতে রাষ্ট্রীয় সুনির্দিষ্ট কর্মসূচি থাকা প্রয়োজন ছিল। তিনি বলেন, রাষ্ট্রের উপর্যুপরি ব্যর্থতার কারণেই আজ আমাদের সীমিত পরিসরে ‘ইচ্ছে পূরণ-৩’ কর্মসূচি পালন করতে হচ্ছে। রাষ্ট্রের বিশাল প্রয়োজন কোনো সংগঠনের পক্ষে এককভাবে মেটানো সম্ভব নয়। তাই সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে দেশকে একটি প্রকৃত কল্যাণ রাষ্ট্রে পরিণত করার কোনো বিকল্প নেই। তিনি আরো বলেন, দেশে এখনো কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়ায় সামাজিক দায়িত্ব এখন সক্ষম ও আত্মসচেতন মানুষের ওপর বর্তেছে। ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নেয়ার এবং কাউকে এই আনন্দ থেকে বঞ্চিত না করার জন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের এবং ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই। উত্তরা পশ্চিম অঞ্চলের সহকারী পরিচালক মাহবুবুল আলমের সভাপতিত্বে এবং কামরুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত এই কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন- উত্তরা মডেল থানা সেক্রেটারি বদিউজ্জামাল বকুল, আনোয়ার হোসাইন মোল্লা, বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন প্রমুখ।