তারেকের ফেরা বড় রাজনৈতিক মুহূর্তগুলোর একটি : কুগেলম্যান

Printed Edition

কূটনৈতিক প্রতিবেদক

পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞ ও যুক্তরাষ্ট্রের আটলান্টিক কাউন্সিলের সিনিয়র ফেলো মাইকেল কুগেলম্যান বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক মুহূর্তগুলোর মধ্যে একটি।

গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। কুগেলম্যান বলেছেন, তারেক রহমান, সম্ভবত বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী, ১৭ বছর নির্বাসিত থাকার পর দেশে ফিরেছেন। তার প্রত্যাবর্তন বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক মুহূর্তগুলোর মধ্যে একটি। এটি তার ভিত্তির সাথে, বাংলাদেশের রাজনীতির সাথে তার সংযোগ স্থাপনের ক্ষমতারও একটি পরীক্ষা।

অন্য দিকে তারেক রহমানের প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস।

গতকাল ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে দেয়া প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, আমি মনে করি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তন রাজনৈতিকভাবে খুবই তাৎপর্যপূর্ণ। তিনি অনেক দিন ধরে দূরে ছিলেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতার সময় তিনি দলকে বেশ ভালোভাবে পরিচালনা করেছেন।

রিভা গাঙ্গুলি দাস আরো বলেন, শেখ হাসিনা সরকার উৎখাতের পরপরই আমরা দেখেছি, তারেক রহমান অনলাইনে এবং বিভিন্ন নতুন প্রযুক্তির মাধ্যমে তার দলের রাজনৈতিক সমর্থনকে সুসংহত করেছেন। বাংলাদেশে যখন এত সহিংসতা চলছে এবং দেশটি আক্ষরিক অর্থেই বিভিন্ন আদর্শিক দৃষ্টিভঙ্গিতে বিভক্ত, তখন তার প্রত্যাবর্তন কিছুটা রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনবে বলে আশা করা হচ্ছে। সম্ভবত তারেক রহমান বাংলাদেশে থাকা মধ্যপন্থী শক্তিগুলোকে সুসংহত করতে সক্ষম হবেন।