কিশোরগঞ্জে বিএনপির ৭ বিদ্রোহী প্রার্থীর মনোনয়ন দাখিল
Printed Edition
কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের ছয়টি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের বিপরীতে চারটি আসনে দলের আরো সাত বিদ্রোহী প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপির মনোনীত প্রার্থী মাজহারুল ইসলাম। তিনি জেলা বিএনপির সাধারণ সম্পাদক। সোমবার দুপুরে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লার কাছে তিনি মনোনয়ন জমা দেন। এ ছাড়া এ আসনে মনোনয়ন না পেয়ে বিএনপির চার বিদ্রোহী প্রার্থীও মনোনয়ন দাখিল করেন। তারা হলেন- সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাসুদ হিলালী, জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও সাবেক ঢাকা বিভাগীয় স্পেশাল জজ রেজাউল করিম খান, সাবেক সহসভাপতি রুহুল হোসাইন ও সদর উপজেলা বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ। এর আগে তারা বিএনপি মনোনীত প্রার্থীতা পরিবর্তনের দাবিতে লাগাতার আন্দোলন ও বিক্ষোভ কর্মসূচিও পালন করেন। বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা বলছেন, এ আসনে বিএনপিতে কোন্দল মাথাচাড়া দিয়ে ওঠেছে।
কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে আইনজীবী মো: জালাল উদ্দীনকে বিএনপি থেকে মনোনয়ন দেয়া হয়েছে। তিনি সোমবার দুপুরে মনোনয়নপত্র দাখিল করেন। এ আসনে কোনো বিদ্রোহী প্রার্থী নেই।
কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে সাবেক শিক্ষামন্ত্রী মুহাম্মদ ওসমান ফারুক সোমবার দুপুরে মনোনয়ন দাখিল করেন। তবে এখান থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি জাহাঙ্গীর আলম মোল্লা।
কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে আলোচিত বিএনপি নেতা ফজলুর রহমানকে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে। গত রোববার তিনি ইটনায় নির্বাচন কার্যালয়ে মনোনয়ন জমা দেন। মনোনয়ন না পাওয়া বিএনপি নেতা সাবেক জেলা প্রশাসক আবদুর রহিম মোল্লাও রোববার স্বতন্ত্রপ্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেন।
কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনে বাংলাদেশ জাতীয় দল বিলুপ্ত করে বিএনপিতে যোগদান করা সৈয়দ এহসানুল হুদাকে বিএনপির চূড়ান্ত মনোনয়ন দেয়া হয়েছে। তিনি সোমবার দুপুরে মনোনয়ন দাখিল করেন। এ আসনে বিদ্রোহী প্রার্থী হিসেবে সোমবার দুপুরে বাজিতপুর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি শেখ মজিবুর রহমান ইকবাল মনোনয়নপত্র দাখিল করেন।
কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে বিএনপি থেকে মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন জেলা বিএনপির সভাপতি মো: শরীফুল আলম। বিদ্রোহী প্রার্থী না থাকায় নিশ্চিন্তে রয়েছেন তিনি। জেলার ছয়টি আসনে বিএনপির মোট সাতজন বিদ্রোহী প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। দলের এমন পরিস্থিতিতে জেলা বিএনপির পক্ষ থেকে কী উদ্যোগ নেয়া হয়েছে এমন প্রশ্নের জবাবে কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম বলেন, মনোনয়ন দেয়া হয় দলের কেন্দ্রীয় পর্যায় থেকে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে এসেছেন। জেলা বিএনপির সভাপতি হিসেবে আমি বিষয়টি কেন্দ্রে জানাব। দলের সভাপতি হিসেবে আমি চাই না কেউ বিদ্রোহী থাকুক। সবাইকে নিয়েই তো দল করতে হবে আমাদের। কিশোরগঞ্জ রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার ছয়টি আসনে মোট ৬১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।