সিএমজেএফ টক-এ রূপালী হক চৌধুরী
পুঁজিবাজারে তালিকাভুক্তি ও বিনিয়োগ করার পথ আকর্ষণীয় হতে হবে
Printed Edition
- বন্দর চার্জসহ সব ধরনের সম্পূরক শুল্ক বাড়ানো সঠিক হবে না
- সুবিধা না পেলে কেন কোম্পানিগুলো আইপিওতে আসবে
দেশে অনেক বহুজাতিক কোম্পানি রয়েছে সেগুলো এখনো পুঁজিবাজারে তালিকাভুক্ত নয়। পুঁজিবাজারে ভালো কোম্পানির অভাব রয়েছে। এজন্য দেশী-বিদেশী কোম্পানি পুঁজিবাজারে আসার পথ বা বিনিয়োগ করার পথ আকর্ষণীয় হতে হবে বলে মন্তব্য করেছেন বিএপিএলসি সভাপতি ও বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রূপালী হক চৌধুরী। তিনি বলেন, বন্দর চার্জসহ সব ধরনের সম্পূরক শুল্ক বাড়ানো ঠিক হবে না। এখন এই মুহূর্তে এই শুল্কগুলো বাড়ানো হলে ব্যবসা-বাণিজ্য কোনো ধরনের মূল্যস্ফীতির চাপ নিতে পারবে না। তিনি বলেন, সুবিধা না পেলে কেন কোম্পানিগুলো আইপিওতে আসবে। ব্যাংক থেকে ঋণ নিবে।
রাজধানীর পল্টনস্থ ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম (সিএমজেএফ) আয়োজিত গতকাল সিএমজেএফ টক-এ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের (বিএপিএলসি) সভাপতি ও বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রূপালী হক চৌধুরী এসব কথা বলেন। অনুষ্ঠানে সিএমজেএম সভাপতি গোলাম সামদানি ভুঁইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু আলীর সঞ্চালনায় তিনি ব্যবসার একটি চিত্র তুলে ধরেন। রূপালী হক চৌধুরী বলেন, আমাদের কোম্পানি আইনে তালিকাভুক্ত কোম্পানির চেয়ে অ-তালিকাভুক্ত কোম্পানি অনেক সহজ। আমাদের আগে করপোরেট কর ব্যবধান ছিল ১৫ শতাংশ। তালিকাভুক্ত ও অ-তালিকাভুক্ত উভয়ের ক্ষেত্রে কোম্পানি আইনটা পর্যালোচনা করা উচিত। তিনি বলেন, আমি শুধু করের বিষয়টা বলছি না।
আমাদেরকে লেবেল প্লেয়িং ফিল্ড করতে হবে। সে তালিকাভুক্ত হলে লাভবান ও সুবিধা পাবে। সে জন্য তখন সে তালিকাভুক্ত হবে। তিনি বলেন, সুবিধা না পেলে কেন কোম্পানিগুলো আইপিওতে আসবে। ব্যাংক থেকে ঋণ নিবে। কারণ ব্যাংকে সুদহার বেশি হলেও ঋণ নেয়াটা সহজ। তিনি বলেন, সব ধরনের শুল্ক বাড়ানোর তীব্র প্রতিবাদ করছি আমরা বিএপিএলসি থেকে। তিনি বলেন, তালিকাভুক্ত হলে যদি ভালো সুবিধা না পায় তাহলে কেন তারা আইপিওতে আসবে। ব্যাংক থেকেই মূলধন সংগ্রহ করবে।
বিএপিএলসির সভাপতি বলেন, আমাদের জিডিপি বিনিয়োগ হার কেন কম হচ্ছে? বিগত কয়েক বছরে এটা কমেছে। এর কারণ হলো, কোভিডের কারণে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। বিশেষ করে এসএমইতে আমরা পিছনে পড়ে গেছি। যারা বড় তারা কিন্তু মোটামুটি কাটিয়ে উঠে ভালো করেই যাচ্ছে। তিনি বলেন, এসএমইতে ৩০ শতাংশ হলো ব্যাংকিং খাতের সাথে যুক্ত। তার তহবিলের যথেষ্ট প্রয়োজন। সে কিন্তু বড় পরিকল্পনা নিয়ে বসে আছে। ব্যাংকিং খাত এসএমইতে বেশি আগ্রহী না। এরপর এলো ইউক্রেন যুদ্ধ ও দেশের মধ্যে রাজনৈতিক অস্থিতিশীলতা।
বিনিয়োগ আকর্ষণে তিনি বলেন, আমাদের দরকার আর্থিক নীতি। এর মধ্যে একটা হলো রাজস্ব সম্পর্কিত। পাশাপাশি অবকাঠামোর উন্নয়ন। অন্যান্য দেশের সাথে যদি আমরা মিলাই তাহলে দেখবো তাদের লিড টাইম অনেক কম। কিন্তু আমাদের এখানে রাস্তাঘাটের যে অবস্থা তা বলার বাইরে। এই যে কাঁচপুর ব্রিজের ওখানে সমস্যা জ্যাম। সার্বিক অবকাঠামো ভালো, কিন্তু জায়গায় জায়গায় যে জটিলতা আসে সেখানে আমাকে স্মোথ দক্ষতা আনতে হবে। তিনি বলেন, আমাদের সরবরাহ লাইন অব্যশই বিশ্বমানের হতে হবে। বিনিয়োগকারী যে চায়, দেশের মধ্যে ভালো অবকাঠামো অন্যান্য প্রতিযোগী দেশের তুলনায়। আমাদের যে পরিমাণ গাড়ি বাড়ছে সে অনুযায়ী রাস্তা বাড়াচ্ছি না। তাই অবকাঠামোতে আমাদের এগিয়ে আসতে হবে।
রূপালী হক চৌধুরী বলেন, চলতি বছরের শুরুতেই বলছে সম্পূক শুল্ক আবার বলছে ভ্যাট আরোপের বিষয়। এসব অনেক ব্যবসার বটমলাইনে হিট করছে। তারা সম্পূরক শুল্ক আরোপ করেছে রঙের ওপর তারা বলেছে সেটা নাকি বিলাসী পণ্য। কিন্তু রঙ তো এখন বিলাসী পণ্য না। এটা পণ্যকে নিরাপদ করে। ফলে এটা হলো অত্যাবশ্যকীয়। তিনি বলেন, সুতরাং পলিসিগুলো সমঝোতামূলক হতে হবে। এইচএস কোড নিয়ে অনেক গণ্ডগোল। যার কারণে প্রতিটা কোম্পানি ভুগছে। এসব কারণে দেখা যাবে আগামীতে আমরা মিয়ানমারের সাথেও প্রতিযোগিতায় টিকতে পারবো না। ফলে বেঞ্চমার্ক অনেক গুরুত্বপূর্ণ। আর্থিক নীতি, অবকাঠামো ও ক্রেতা সূচক গুরুত্বপূর্ণ। আমার মাথাপিছু আয় সেটাও দেখতে হবে।
বিএসইসি মন্ত্রণালয়ের কাছে জনবল চেয়েছে এটা কিভাবে দেখছেন- এমন এক প্রশ্নের জবাবে রূপালী হক চৌধুরী বলেন, বিএসইসি আমাদের সবার অভিভাবক। তারা যেহেতু সংস্কার করছেন, ওনারা যদি কোনো কিছু করতে চান, আমার মনে হয় ওনাদের বক্তব্যটাই নেয়া উচিত। তিনি বলেন, আমাদের পুঁজিবাজারেও এমন কিছু ঘটনা ঘটেছে যা অনভিপ্রেত। এখন ওনারা যদি এটাকে ঢেলে সাজাতে চান, যার ফলে ভালো কিছু দিতে পারবেন, এটার কারণ তারাই বলতে পারবেন। আমরা এটাই বলি যে, সংস্কার করে ওনারা যদি ভালো কিছু আনতে পারেন, আমরা তাকে স্বাগত জানাই।
রূপালী হক চৌধুরী বলেন, করাপশন ক্যান নট হ্যাপেন, ইফ ইট ডাজনট হ্যাভ দ্য ব্লেসিং অফ দ্য রেগুলেটরি বডি (নিয়ন্ত্রক সংস্থার আশীর্বাদ ছাড়া দুর্নীতি হতে পারে না)। যে অডিট ফার্ম এ ধরনের (অনিয়মের) রিপোর্ট করেছে তার লাইসেন্স বাতিল করতে হবে। আমাদের উদাহরণ সৃষ্টি করতে হবে, যারা এ ধরনের দুর্নীতি করে তাদের কিছু না কিছু শাস্তি পেতে হবে। তিনি বলেন, আমার রেগুলেটরি বডি (নিয়ন্ত্রক সংস্থা) এমন হতে হবে যে দোষ করবে তাকে শাস্তি দেয়া হবে। মানুষ কাজ করে দুই কারণে। একটা হলো- ইনসেনটিভ। আর একটা হচ্ছে- শাস্তি। সুতরাং আপনারা কোনো রকমের কিছু করলেন না, তাহলে তো ওই লোকগুলো আরো বেশি সুযোগ পেয়ে যাচ্ছে। তিনি বলেন, খেলাপি ঋণ ২০ শতাংশ করে, কিছু টাকা ছাপিয়ে দেখালাম আমার চলছে, চলছে, চলছে। এটা হতে পারে না। আমার সবাই ওখানে। আমি নিজেও ওখানে আছি, যে নিয়ন্ত্রক সংস্থা আছেন উনি আছেন, যিনি অডিট রিপোর্ট করছেন উনিও আছেন।
বিএপিএলসি সভাপতি বলেন, আমরা আমাদের দেশকে ভালোবাসি, তার থেকে বেশি কি থাকতে পারে। আমাদের সব শেষে পড়ে আছে- আমাদের দেশকে ভালোবাসা। যেখানে সারা বিশ্বে ৫০ শতাংশ লোক দারিদ্র্যসীমার নিচে। আমাদের একমাত্র মন্ত্র হওয়া উচিত মানুষের জীবনমান উন্নত করা। সেটাই যদি আমার মন্ত্র হয়, আমার একটা মানুষের আর হাজার হাজার কোটি টাকার দরকার হয় না। আমাদের এক জীবনে আমি কত কোটি খাবো আপনি বলেন, কয়টা বিছানাই আমরা এক সাথে ঘুমাতে পারব, কটা বাড়িতে আমরা থাকতে পারব।
সুতরাং আমাদের ভিতরে একটা চেতনা আসতে হবে, আমি দেশের জন্য কিছু করব। তিনি বলেন, আমি নিজে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়েছি। কয় পয়সা বেতন দিয়েছি? কিছু দেইনি। তাহলে এখন আমাদের দায়িত্ব কী? দেশকে ফিরিয় দেয়া এবং সেই কাজটি আমাদের সবাইকে করতে হবে। যে করবে না, তাকে শাস্তি পেতে হবে। যার টাকা আছে বলে। তিনি বলেন, আমাদের ছোট বেলায় দেখেছি আমাদের শিক্ষকরা রেসপেক্টেড ছিলেন, একজন ভালো ডাক্তার রেসপেক্টেড ছিলেন। আমাদের ওই সমাজে ফিরে যেতে হবে। যদি দরকার হয় সারা বাংলাদেশের বাঙালিদের রক্ত ট্রান্সমিশন করে ফেলতে হবে। ট্রান্সমিশন দিয়ে ঠিক করতে হবে, আমরা দুর্নীতিগ্রস্ত হবো না, আমরা ভালো মানুষ হবো।
রূপালী হক বলেন, আমরা বেশির ভাগ সত্যিকার অর্থে ভালো থাকতে চাই। কিন্তু অল্প কিছু ব্যক্তির দ্বারা আমরা ডিফাইন (চিহ্নিত) হচ্ছি। এটা ঠিক না। আমরা বেশির ভাগ মানুষ সৎ থাকতে চাই, আমরা ধর্মভীরু, আমরা ভালো কাজ করতে চাই। কিছু একটা জায়গায় পড়ে আমরা কেমন যেন হতবিহ্বল হয়ে যাচ্ছি। এখন সময় জেগে ওঠার। এটা আমার, আপনার সবার কাজ। আমরা সবাই মিলে দেশটাকে পরিবর্তন করব, অবশ্যই। আমি আশাবাদী।