সিলেটের জকিগঞ্জে বিশ্বকাপ ফুটবল খেলা দেখাকে কেন্দ্র করে বাগবিতণ্ডার জেরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে আলম আহমদ (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ঘাতক পারভেজ আহমদকে (৩২) গ্রেফতার করেছে। একইসাথে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে।
বুধবার (১ জুলাই) দিবাগত গভীর রাতে জকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউনিয়নের লামারগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আলম আহমদ ওই গ্রামের ওয়ারিছ আলীর ছেলে এবং পেশায় একজন রিকশাচালক ছিলেন। গ্রেফতার পারভেজ আহমদ একই গ্রামের মোস্তকিন আলীর ছেলে। তারা সম্পর্কে চাচাতো ভাই।
পুলিশ জানায়, বিশ্বকাপ ফুটবল খেলা দেখার সময় চিৎকার করাকে কেন্দ্র করে পারভেজ আহমদ ও আলম আহমদের মধ্যে কথা কাটাকাটির সৃষ্টি হয়। একপর্যায়ে বিরোধের জেরে পারভেজ আহমদ ছুরি দিয়ে আলমকে আঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আলম আহমদকে উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে জকিগঞ্জ থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘাতক পারভেজ আহমদকে খলাছড়া ইউনিয়নের মাদারখাল গ্রামের নানাবাড়ি থেকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিও উদ্ধার করা হয়।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, খেলা দেখার সময় চিৎকার করাকে কেন্দ্র করে দুই চাচাতো ভাইয়ের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এর জের ধরেই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত উদ্ধার করেছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।