লাকসামে জমি নিয়ে বিরোধে ভ্যানচালককে পিটিয়ে হত্যা

Printed Edition

লাকসাম (কুমিল্লা) সংবাদদাতা

কুমিল্লার লাকসামে জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আবদুল মান্নান (৬৫) নামের এক ভ্যানচালককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে লাকসাম পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের গুন্তি উত্তর পাড়ায় এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহত আবদুল মান্নান ওই এলাকার মৃত ছফর আলীর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, ঘটনার রাতে মান্নান বাড়ি ফেরার পথে তার বড় ভাই সামছুল হক (শামু মিয়া), ভাইয়ের মেয়ে বকুল বেগম এবং বকুলের স্বামী পৌরসভার তাঁতীদল সভাপতি শোকর আলী তাকে ডেকে ঘরে নিয়ে যান। সেখানে তাকে মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে।

পরিবারের সদস্যরা জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় মান্নানকে উদ্ধার করে লাকসাম সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের ছেলে বিল্লাল হোসেন অভিযোগ করেন, জমি দখল নিয়ে বিরোধের জেরে তার বাবাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করে শোকর আলী বলেন, ‘আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে। কোনো মারধর হয়নি। শুধু কথাকাটাকাটি হয়েছে। একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়ে যান।’

এ বিষয়ে লাকসাম থানার ওসি মাকছুদ আহমেদ বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।