চট্টগ্রামে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী

জুলাই বিপ্লবের স্বপ্ন বাস্তবায়নে গণতন্ত্রে ফিরতে হবে

চট্টগ্রাম ব্যুরো
Printed Edition
3rd-4
চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন গিয়াস উদ্দিন কাদের চৌধুরী : নয়া দিগন্ত

বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেছেন, জুলাই বিপ্লবের শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করতে হলে নির্বাচনের মাধ্যমে অবশ্যই গণতান্ত্রিক ধারায় ফিরতে হবে। প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন দিতে হবে। আর এই সংস্কারের ভিত্তি হতে পারে সংবিধানের পঞ্চম সংশোধনী। কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানে যে মূলনীতি স্থাপন করেছেন তা নিয়ে কারো কোনো দ্বিমত নেই। তিনি গতকাল রোববার চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিয়মকালে এসব কথা বলেন। প্রেস ক্লাবের অন্তর্বর্তী কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কচির সভাপতিত্বে সভায় সিএমইউজে সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ, সাধারণ সম্পাদক সালেহ নোমান, প্রেস ক্লাব অন্তর্বর্তী কমিটির সদস্য মুস্তফা নঈম, গোলাম মাওলা মুরাদ প্রমুখ বক্তব্য রাখেন।

এ বিএনপি নেতা বলেন, মহান স্বাধীনতার ঘোষণার অনেক কিছুই ‘৭২এর সংবিধানে রাখা হয়নি। আর চতুর্থ সংশোধনীর মাধ্যমে গণতন্ত্র হত্যাসহ মানুষের বাকস্বাধীনতার কবর রচনা করা হয়েছিল। কিন্তু ‘৭৫এর পটপরিবর্তন এবং সিপাহী জনতার বিপ্লবের পর শহীদ জিয়া পঞ্চম সংশোধনীর মাধ্যমে বহুদলীয় গণতন্ত্র, বাক ও সংবাদপত্রের স্বাধীনতা, আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ^াসসহ যে মূলনীতি স্থাপন করেন তা নিয়ে কারো কোনো দ্বিমত নেই। সুতরাং ওই মূলনীতি ধরেই সংস্কার এগিয়ে নেয়া যেতে পারে।

অন্তর্বর্তীকালীন সরকারের বিশেষ করে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের প্রশংসা করে তিনি বলেন, এই সরকার যেসব ভালো কাজ করছে ক্ষমতায় এলে বিএনপি তার ধারাবাহিকতা অব্যাহত রাখবে। বিদেশী বিনিয়োগ আকর্ষণে সরকারের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। মেধা পাচারের বদনাম গুছিয়ে বর্তমান সরকার মেধাবীদের দেশে ফিরিয়ে এনে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্ব দিচ্ছে, তারা ভালো করছেন। বিএনপি এটি মনে রাখবে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে প্রফেসর ইউনূসের বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, প্রফেসর ইউনূস বাংলাদেশের পক্ষে ন্যায্য কথাই বলেছেন। চীনে প্রধান উপদেষ্টাকে যে সম্মান দেয়া হয়েছে তাতে বাংলাদেশের মর্যাদা বেড়েছে। দেশের মানুষ গণতন্ত্রে ফিরতে চায় উল্লেখ করে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেন, প্রফেসর ইউনূস নির্বাচনে যে সম্ভাব্য সময় বলেছেন, সেটাই রোডম্যাপ। আর কারা কি বললেন সেটা দেখার প্রয়োজন নেই। কিছু জরুরি সংস্কার শেষ করে নির্বাচন দিতে হবে এটাই জনগণের প্রত্যাশা।