ত্রাণের ওপর নির্ভরশীল লেবাননের অর্ধেক মানুষ
Printed Edition
আলজাজিরা
লেবাননে ইসরাইলি আগ্রাসন অব্যাহত থাকায় দেশটির মানবিক পরিস্থিতি অত্যন্ত সঙ্কটাপন্ন হয়ে পড়েছে। বর্তমানে লেবাননের মোট ৫৮ লাখ জনসংখ্যার অর্ধেকেরও বেশি মানুষ জীবনধারণের জন্য সরাসরি মানবিক সহায়তার ওপর নির্ভরশীল বলে জানিয়েছে জাতিসঙ্ঘ।
সম্প্রতি বৈরুতে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সাথে এক বৈঠকের পর ইউরোপীয় ইউনিয়নের ক্রাইসিস ম্যানেজমেন্ট প্রধান হাদজা লাহবিব সাংবাদিকদের এই ভয়াবহ চিত্র তুলে ধরেন। তিনি জানান, বর্তমানে ৩০ লাখেরও বেশি মানুষ টিকে থাকার জন্য ত্রাণের অপেক্ষায় রয়েছে। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় গত ২ মার্চ যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ইউরোপীয় ইউনিয়ন ১০০ মিলিয়ন ইউরো সহায়তা প্রদান করেছে। ইতোমধ্যে ছয়টি বিমানে করে ত্রাণ পাঠানো হয়েছে এবং শনিবার সপ্তম চালানটি পৌঁছানোর কথা রয়েছে।
সরকারি তথ্য অনুযায়ী, গত মার্চের শুরু থেকে চলা ইসরাইলি হামলায় লেবাননে এ পর্যন্ত দুই হাজার ৭০০-এর বেশি মানুষ নিহত হয়েছে এবং অন্তত ১০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।