দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টকে ইমপিচমেন্টের উদ্যোগ
Printed Edition
আলজাজিরা
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার বিরুদ্ধে বহুল আলোচিত ‘ফার্মগেট’ কেলেঙ্কারি নিয়ে আবারো ইমপিচমেন্ট তদন্ত শুরু করেছে দেশটির পার্লামেন্ট। সোমবার পার্লামেন্টের নিম্নকক্ষ জানায়, স্পিকার একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করবেন। সর্বোচ্চ আদালতের নির্দেশনার পর এ পদক্ষেপ নেয়া হয়েছে। আদালত গত সপ্তাহে রামাফোসার বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রক্রিয়া পুনরায় চালুর নির্দেশ দেয়।
সাংবিধানিক আদালত রায়ে উল্লেখ করে, চার বছর আগে পার্লামেন্ট যে তদন্ত বন্ধ করেছিল, তা সংবিধানের সাথে অসঙ্গতিপূর্ণ ছিল। নতুন কমিটি ‘ফার্মগেট’ কেলেঙ্কারিতে প্রেসিডেন্টের বিরুদ্ধে আনা অভিযোগ ও প্রমাণ পর্যালোচনা করবে। তদন্ত শেষে তারা ইমপিচমেন্ট কার্যক্রম চালুর সুপারিশ করবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে। পুরো প্রক্রিয়া শেষ হতে কয়েক মাস সময় লাগতে পারে। কেলেঙ্কারির সূত্রপাত ২০২০ সালে, যখন রামাফোসার মালিকানাধীন ফালা ফালা গেম ফার্মে একটি সোফার ভেতরে লুকানো প্রায় ৪০ লাখ মার্কিন ডলার চুরি হয়। দুর্নীতিবিরোধী অবস্থানের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসা রামাফোসার বিরুদ্ধে প্রশ্ন ওঠে এ বিপুল অর্থ তিনি কিভাবে পেয়েছিলেন, তা ঘোষণা করেছিলেন কি না এবং কেন ব্যাংকে না রেখে আসবাবপত্রে লুকিয়ে রাখা হয়েছিল। তবে প্রেসিডেন্ট সব অভিযোগ অস্বীকার করেছেন।