পাহাড়ি জনপদে স্বস্তির পানি
সাপছড়িতে বিশুদ্ধ পানি পৌঁছে দিলো সড়ক বিভাগ
Printed Edition
রাঙ্গামাটি প্রতিনিধি
রাঙ্গামাটির দুর্গম পাহাড়ি এলাকায় শুকনো মৌসুমে দেখা দেয় তীব্র পানির সঙ্কট। এই পানিসঙ্কট লাঘবে মানবিক উদ্যোগ নিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। পাহাড়ি জনপদে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ কার্যক্রম শুরু করেছে বিভাগটি।
কার্যক্রমের প্রথম দিনে চট্টগ্রাম-রাঙ্গামাটি জাতীয় মহাসড়কসংলগ্ন সাপছড়ি যৌথ খামার ফুরোমোন এলাকায় প্রায় পাঁচ হাজার লিটার বিশুদ্ধ পানি বিতরণ করা হয়। আশপাশের পাহাড়ি গ্রামের বহু পরিবার সেখানে এসে নিজেদের পানি-সংরক্ষণের পাত্রে পানি সংগ্রহ করে নিয়ে যায়।
স্থানীয়রা জানান, ফাল্গুন-চৈত্র এলেই পাহাড়ের ঝর্ণা ও ছোট ছোট ছড়ার পানি শুকিয়ে যায়। তখন নারী, শিশু ও বয়স্কদের কয়েক কিলোমিটার দুর্গম পথ পাড়ি দিয়ে পানি আনতে হয়। অনেক সময় ভোরে বের হয়ে দুপুরে ফিরতে হয় পানি নিয়ে। এ অবস্থায় বিশুদ্ধ পানি সরবরাহের এই উদ্যোগ পাহাড়িদের জন্য বড় স্বস্তি এনে দিয়েছে। স্থানীয়দের মতে, দীর্ঘ দিনের পানির কষ্টের মধ্যে এটি সময়োপযোগী ও মানবিক পদক্ষেপ।
রাঙ্গামাটি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ কান্তি চাকমা বলেন, পাহাড়ি মানুষের দুর্ভোগ বিবেচনায় রেখেই এ উদ্যোগ নেয়া হয়েছে। পর্যায়ক্রমে আরো কয়েকটি দুর্গম এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহ করা হবে, যাতে পানিসঙ্কটে থাকা মানুষ কিছুটা হলেও উপকার পান।
এ উদ্যোগ এলাকায় ইতিবাচক সাড়া ফেলেছে। স্থানীয়দের প্রত্যাশা, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগও এ ধরনের কার্যক্রমে যুক্ত হলে জেলার আরো অনেক দুর্গম পাহাড়ি গ্রামে নিরাপদ পানির সুবিধা পৌঁছানো সম্ভব হবে।
পাহাড়ের মানুষের কাছে এই সামান্য পানি সরবরাহই হয়ে উঠেছে বড় স্বস্তির প্রতীক, যেখানে এক ফোঁটা পানির মূল্য অনেক সময় জীবনের সমান মূল্যবান।