লাকসামে বর্ষবরণে গাইবেন লিলিন মুন
Printed Edition
বিনোদন প্রতিবেদক
স্টেজ শোতেই অনবদ্য তিনি। বিশেষত ফোক গানে তিনি শ্রোতা দর্শককে মুগ্ধ করে আসছেন বিগত বেশ কয়েক বছর ধরে। এরই মধ্যে ঈদের ব্যস্ততা শেষে গানের ভুবনের শিল্পীরা আবারো স্টেজ শোতে একটু একটু করে ব্যস্ত হয়ে উঠছেন। সেই ধারাবাহিকতায় এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী লিলিন মুনও গানে গানে ব্যস্ত হয়ে উঠছেন। লিলিন জানান, আগামী পয়লা বৈশাখের দিন তিনি কুমিল্লার লাকসামে বাংলা নতুন বছরকে ঘিরে আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি সঙ্গীত পরিবেশন করবেন। যদিও কিছুটা অসুস্থ তিনি, আবার মনও খারাপ তার। কিন্তু বাংলা নতুন বছরের দিনটি তিনি গানে গানে শুরু করতে পারছেন বিধায় বেশ উচ্ছ্বসিত লিলিন মুন। মন খারাপের কারণ হিসেবে লিলিন মুন জানান, তার আপন বড় বোন শম্পার স্বামী অর্থাৎ- লিলিনের দুলাভাই হঠাৎ করেই কিছু দিন আগে মারা যান। যে কারণে তাদের পুরো পরিবার এখন অনেকটাই শোকে আচ্ছন্ন। তারপরও জীবন চলে জীবনের গতিতে। বড় বোনকে সান্ত¡না দিচ্ছেন, পাশাপাশি তার সন্তানকেও দেখভাল করছেন লিলিন। এদিকে কলকাতার ‘তোমাকে চাই’ সিনেমায় মধুরা ভট্টাচার্যের গাওয়া শ্রোতাপ্রিয় গান ‘দিন একা একা যায় চলে যায়’ গানটি কাভার সং হিসেবে গেয়েছেন লিলিন মুন। গানটির নতুন করে সঙ্গীতায়োজন করেছেন শামীম হাসান। তবে এই গান নিয়েও কিছুটা মন খারাপ তার। কারণ লিলিনের ইচ্ছে ছিল গানটি দ্রুত শ্রোতাদেরকে উপহার দিতে। কিন্তু তার স্বামী এই সময়ের ব্যস্ততম ফটোগ্রাফার, সিনেমাটোগ্রাফার শিথিল রহমানের ব্যস্ততার কারণে গানের মিউজিক ভিডিওর শুটিং দ্রুত করা যাচ্ছে না। তবে শিথিল কথা দিয়েছেন পয়লা বৈশাখের ব্যস্ততা শেষে তিনি লিলিনের এই গানটির মিউজিক ভিডিওর শুটিং দ্রুত সম্পন্ন করে দেবেন। লিলিন মুন বলেন, ‘ঈদের পর পয়লা বৈশাখের অনুষ্ঠান দিয়ে স্টেজ শোতে আবার ব্যস্ত হয়ে উঠছি। ধন্যবাদ আয়োজকদের যারা লাকসামে আমাকে গান গাওয়ার সুযোগ করে দিয়েছেন। তবে সত্যি বলতে কী, আমার বড় বোনের হাজব্যান্ড হঠাৎ মারা যাওয়ার কারণে আমরা আসলে এখনো মানসিকভাবে স্থির হতে পারিনি। তবে সবার কাছে দোয়া চাই যেন আমরা এই পরিস্থিতি সামলে উঠতে পারি। আর শামীম ভাইকে ধনবাদ আমার প্রিয় এই গানটির নতুন করে সঙ্গীতায়োজন করার জন্য। ধন্যবাদ শিথিলকেও আমাকে সবসময় গানে অনুপ্রেরণা দেয়ার জন্য।’