চতুর্থ কার্যনির্বাহী সভা
শিক্ষার্থীদের কল্যাণে একগুচ্ছ সিদ্ধান্ত ডাকসুর
Printed Edition
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) চতুর্থ কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ডাকসু সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধান ও সার্বিক কল্যাণে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় ডাকসুর সভাপতি ও ঢাবি ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং ফিলিস্তিনের স্মারক প্রতীক উপহার দেয়া হয়।
সভায় ভিপি সাদিক কায়েম বলেন, দায়িত্ব নেয়ার পর শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতায় ইতিবাচক পরিবর্তন সম্ভব হয়েছে। তিনি শিক্ষার্থীদের সাথে সমন্বয় রেখে একটি জবাবদিহিমূলক ও শিক্ষার্থীবান্ধব ডাকসু গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, ডাকসু শিক্ষার্থীদের অধিকার ও কল্যাণে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় শিক্ষার্থীদের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে বলে তিনি আশ্বাস দেন।
সভায় দীর্ঘদিনের প্রত্যাশিত চীন-বাংলাদেশ হল নির্মাণ প্রকল্প অনুমোদন পায়। শিগগিরই এ প্রকল্পের নির্মাণকাজ শুরু হবে বলে জানানো হয়। হল নির্মাণের স্থান চূড়ান্তকরণ নিয়েও আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
পাশাপাশি প্রায় দুই হাজার ৮৪১ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, বাস্তবায়ন পরিস্থিতি এবং দ্রুত কাজ এগিয়ে নেয়ার বিষয়েও বিস্তারিত আলোচনা হয়। অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন ডাকসু নেতারা।
সভায় শিক্ষক মূল্যায়ন পদ্ধতি দ্রুত চালুর দাবি জানানো হয়। নেতারা বলেন, শিক্ষার মানোন্নয়ন ও জবাবদিহিতা নিশ্চিত করতে এ ব্যবস্থা সময়ের দাবি। এ বিষয়ে ভিসি জানান, তিনি এ উদ্যোগ বাস্তবায়নে আগ্রহী এবং দ্রুত চালুর আশাবাদ ব্যক্ত করেন।
সভায় ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদের সঞ্চালনায় এজিএস মহিউদ্দিন খান, ট্রেজারার অধ্যাপক ড. এইচ এম মোশারফ হোসেনসহ ডাকসুর বিভিন্ন সম্পাদক ও সদস্যরা উপস্থিত ছিলেন।