অ্যাম্বুলেন্সে তেল না থাকায় হাসপাতালে নেয়ার পথে মৃত্যু
Printed Edition
ফুলছড়ি (গাইবান্ধা) সংবাদদাতা
গাইবান্ধার ফুলছড়িতে সরকারি অ্যাম্বুলেন্সে তেলের অভাবে সময়মতো জেলা সদর হাসপাতালে নেয়া সম্ভব হয়নি এক গুরুতর আহত ব্যক্তিকে। জরুরি চিকিৎসার জন্য নেয়ার পথেই তার মৃত্যু হয়েছে। গত শনিবার সন্ধ্যা ৭টার দিকে ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম খোকা মিয়া (৬০)। তিনি উপজেলার উদাখালী ইউনিয়নের পশ্চিম ছালুয়া গ্রামের আছমতউল্লাহর ছেলে এবং স্থানীয় ইউপি সদস্য সাখাওয়াত হোসেনের বড় ভাই।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় একটি অটোরিকশার সাথে সংঘর্ষে খোকা মিয়া গুরুতর আহত হন। স্থানীয় যুবকরা তাকে উদ্ধার করে দ্রুত ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য দ্রুত গাইবান্ধা জেলা সদর হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। তবে হাসপাতালের সরকারি অ্যাম্বুলেন্সে জ্বালানি তেল না থাকায় তাকে তাৎক্ষণিকভাবে স্থানান্তর করা সম্ভব হয়নি। এই বিলম্বের কারণে সদর হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে তার মৃত্যু হয়।
সরেজমিনে দেখা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের সামনে ১৮ তারিখের একটি নোটিশ টাঙানো রয়েছে। সেখানে বলা হয়েছে, জাতীয় পর্যায়ে জ্বালানি সঙ্কটের কারণে সাময়িকভাবে অ্যাম্বুলেন্সে সেবা বন্ধ রয়েছে।
হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) রুহুল আমিন বলেন, আমরা তেলের জন্য আপ্রাণ চেষ্টা করছি, কিন্তু এখন পর্যন্ত কোনো বরাদ্দ বা ব্যবস্থা করা সম্ভব হয়নি। জরুরি বিভাগের চিকিৎসক অয়ন মণ্ডল জানান, গুরুতর অবস্থায় রোগীকে রেফার করা হলেও যানের অভাবে সময়মতো পাঠানো যায়নি।
ফুলছড়ি ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, বিষয়টি আমি গণমাধ্যমের মারফত জেনেছি। দ্রুত জ্বালানি তেলের ব্যবস্থা করার চেষ্টা চলছে। তবে এ বিষয়ে জেলা সিভিল সার্জনের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয়দের অভিযোগ, জরুরি সেবার এমন বেহাল দশা স্বাস্থ্য ব্যবস্থাপনার চরম দুর্বলতারই বহিঃপ্রকাশ।