খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরামের ইফতারে বিদ্যুৎ প্রতিমন্ত্রী
জ্বালানির সঙ্কট কাটলেও ইরান যুদ্ধের প্রভাব থাকবে দীর্ঘ দিন
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
ইরান যুদ্ধে সৃষ্ট জ্বালানি তেলের সঙ্কট কেটে গেলেও এ যুদ্ধের প্রভাব দীর্ঘ দিন থাকবে বলে আশঙ্কা করছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এ কারণে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
গতকাল ঢাকাস্থ খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরামের উদ্যোগে আয়োজিত ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রাজধানীর বিজয়নগরে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে আয়োজিত এ ইফতার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরামের সভাপতি ও বাংলানিউজের সম্পাদক তৌহিদুল ইসলাম মিন্টু।
অনুষ্ঠানে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, ঈদযাত্রা শুরু হয়েছে। সবাই সুন্দরভাবে গ্রামে যেতে পারব কি না বা বাড়ি থেকে সময়মতো কর্মস্থলে ফিরতে পারব কি না তা নিয়ে কিছুটা উদ্বেগ রয়েছে অনেকের মধ্যে। এ বিষয়টি বিবেচনায় নিয়ে আমরা আজ (রোববার) সকাল থেকে জ্বালানি তেলের ওপর থেকে সব ধরনের বিধি নিষেধ (রেশনিং) তুলে নিয়েছি। মাঠপর্যায়ে এর সুফল হয়তো রাত থেকে পুরোপুরিভাবে পাওয়া যাবে।
তিনি বলেন, এই সরকার জনগণের সরকার। আমরা কেউ সুপারম্যান না। তবে আপনারা (জনগণ) যদি আমাদের পাশে থাকেন, তাহলে সবাই মিলে আমরা সুপারম্যান হতে পারব।
বৈশ্বিক পরিস্থিতির কারণে সৃষ্ট জ্বালানি তেলের সঙ্কট সামাল দিতে সরকার সর্বতোভাবে চেষ্টা করে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, পৃথিবীর ৮৫টি দেশে জ্বালানি তেলের মূল্য বাড়ানো হলেও বাংলাদেশ সরকার জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কোনো চিন্তা করেনি।
এক্ষেত্রে আমি সবাইকে বিনয়ের সাথে বলব, জ্বালানি তেলের সঙ্কট দীর্ঘমেয়াদি না হলেও যুদ্ধের দীর্ঘমেয়াদি প্রভাব থেকে যাবে। এ কারণে আমাদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে।
শপিংমলে ঝলমলে আলোকসজ্জার সমালোচনা করে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, আমরা বিষয়টি নিয়ে সকালে সংশ্লিষ্ট মহলের সাথে কথা বলেছি। আশা করি তারা শপিংমলে বিদ্যুতের ব্যবহারে সাশ্রয়ী হবেন। অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন, সাবেক তথ্য প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখত, খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরামের সিনিয়র সদস্য আমিরুল ইসলাম কাগজী, পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) সভাপতি হারুন জামিল, সবুজ আন্দোলনের চেয়ারম্যান বাপ্পী সরদার প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকাস্থ খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক নাসির আহমাদ রাসেল। অন্যদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক শেখ রিজভী নেওয়াজ, বর্তমান সহসভাপতি খালিদ সাইফুল্লাহ।