আইসিসির ক্ষতি ২০০ কোটি রুপি
Printed Edition
ক্রীড়া ডেস্ক
ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে চলতি মাসের ৭ তারিখ শুরু হতে যাচ্ছে টি-২০ বিশ্বকাপ। সংক্ষিপ্ত ভার্সনের এই আসরে অংশগ্রহণের বিষয়ে অবশেষে সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। আর টুর্নামেন্টের সবচেয়ে বড় আকর্ষণ দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান লড়াই। আগামী ১৫ ফেব্রুয়ারি গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হওয়ার কথা চিরবৈরী দুই দেশের। তবে ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচটি বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। সোশ্যাল মিডিয়ায় এমন ঘোষণা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। টুর্নামেন্টের বাণিজ্যিকভাবে সবচেয়ে বেশি লাভজনক হিসেবে ধারণা করা হচ্ছে এই দ্বৈরথকে।
ভারত-পাকিস্তান ম্যাচটি সবচেয়ে বেশি আলোচিত হওয়ায় এই ম্যাচ থেকে প্রায় ২০০ কোটি রুপি বা তারও বেশি আয়ের লক্ষ্য ছিল আয়োজকদের। পাকিস্তানের এমন সিদ্ধান্তের ফলে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হতে পারে আইসিসিকে।
ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের বিপক্ষে যদি সত্যিই ম্যাচ বয়কট করে পাকিস্তান, তাহলে আয়োজকদের ক্ষতির পরিমাণ হতে পারে ২০০ কোটি রুপিরও বেশি! বৈশ্বিক কোনো আসরে ভারত ও পাকিস্তান একে অপরের মুখোমুখি না হলে আইসিসি ও সম্প্রচার প্রতিষ্ঠানগুলো বড় অঙ্কের রাজস্ব হারাবে বলে আশঙ্কা করা হচ্ছে।