বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে আগামী ৩ থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী জাদু প্রশিক্ষণ কর্মশালা ও জাদুসন্ধ্যার আয়োজন করা হয়েছে।

এ জাদু প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে। জাদু বিষয়ক কর্মশালায় মূখ্য প্রশিক্ষক হিসেবে থাকবেন জাদুশিল্পী শাহীন শাহ্।

এছাড়াও প্রশিক্ষক হিসেবে থাকবেন আবু সাদাত মো: মামুন এবং জাদুশিল্পের ভাষাশৈলী প্রশিক্ষক হিসেবে থাকবেন সারমিন সুলতানা ইসলাম।

কর্মশালা প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জাতীয় সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি ভবনের ১০৫ নম্বর মহড়া কক্ষে অনুষ্ঠিত হবে। এতে মোট ৩০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করবেন।

এদিকে, আগামী ৫ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজন করা হয়েছে ‘জাদুসন্ধ্যা’।

অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করবেন কর্মশালার মুখ্য প্রশিক্ষক জাদুশিল্পী শাহীন শাহ্। ধন্যবাদ জ্ঞাপন করবেন একাডেমির প্রশিক্ষণ বিভাগের পরিচালক শাহীন দিল-রিয়াজ। বাসস