ওসমান হাদি হত্যা ১০০ দিনেও অগ্রগতি নেই
ঝালকাঠিতে মানববন্ধনে দ্রুত বিচার দাবি
Printed Edition
ঝালকাঠি প্রতিনিধি
শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার ১০০ দিনেও দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে দ্রুত বিচার দাবিতে মানববন্ধন করেছে ঝালকাঠি ইনসাফ মঞ্চ। গতকাল শনিবার বেলা ১১টায় ঝালকাঠি প্রেস ক্লাবের সামনে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, আলোচিত এই হত্যাকাণ্ডের ১০০ দিন পার হলেও এখন পর্যন্ত তদন্ত ও বিচার প্রক্রিয়ায় উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়া অত্যন্ত হতাশাজনক। তারা অবিলম্বে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার দাবি জানান।
ঝালকাঠি ইনসাফ মঞ্চের আহ্বায়ক খালিদ সাইফুল্লাহ বলেন, ‘অন্তর্বর্তী সরকার ৯০ দিনের মধ্যে বিচার সম্পন্ন করার আশ্বাস দিলেও বাস্তবে তার প্রতিফলন নেই। নতুন সরকার গঠনের পরও কারা এই হত্যাকাণ্ডে জড়িত, কারা অর্থদাতা এবং মূল পরিকল্পনাকারী, সবই এখনো অজানা রয়ে গেছে।’ তিনি দেশে বিচারহীনতার সংস্কৃতি বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, ‘শহীদ হাদির জন্য প্রকৃত ইনসাফ নিশ্চিত করতে হবে। বিচারহীনতা চলতে থাকলে এ ধরনের ঘটনা আরও বাড়বে।’
এ সময় আরও বক্তব্য দেন আল তাওফিক লিখন, অন্দ্রিলা সরকার, আরিফ বিল্লাহ ও মাহফুজ খান।
উল্লেখ্য, গত বছরের ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় জুমার নামাজ শেষে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির ওপর সশস্ত্র হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেয়া হয়। সেখানে ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স ছিল ৩২ বছর।
ঘটনার পর থেকে বিভিন্ন সময় প্রতিবাদ, মানববন্ধনসহ নানা কর্মসূচি পালিত হলেও এখনো বিচার না হওয়ায় উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে জনমনে।