মোদির মুখোশ পরে চুরি!

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

এমন চুরির কৌশলে অবাক গোটা দেশ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখের আদলে তৈরি মুখোশ পরে চুরি! এই কাণ্ড ঘটেছে ভারতের রাজস্থানের ভিলওয়ারা জেলার একটি মোবাইল ফোনের দোকানে। ঘটনাটি ধরা পড়েছে স্থানীয় বাজারের সিসিটিভি ক্যামেরায়। সেই ভিডিও এখন ভাইরাল।

জেলার কারেদা থানা এলাকায় মাঝরাতে মাতেশ্বরী মোবাইল শপে ঢোকার চেষ্টা করে মোদির মুখোশধারী ওই ব্যক্তি। ভাইরাল সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, ওই ব্যক্তি একটি লোহার রড দিয়ে দোকানের তালা ভাঙার চেষ্টা করছেন। একটি সূত্রের দাবি, বেশ কয়েকজন মিলে মোবাইলের দোকানে চুরি করতে এসেছিল। তাদের মধ্যে এক ব্যক্তি মোদির ছবিযুক্ত মুখোশ পরেছিলেন। যেমনটা সাধারণত রাজনৈতিক জনসভাগুলোতে দেখা যায়। ছাদ হয়ে সিঁড়ির গেট জোর করে খুলে দোকানে প্রবেশ করেন তিনি। এরপর বেশ কয়েক ডজন স্মার্টফোন নিয়ে পালিয়ে যায়।

পরদিন সকালে দোকান খুলতেই চুরির বিষয়টি বুঝতে পারেন দোকানের মালিক। তার দাবি, ৩০-৪০টি স্মার্টফোন চুরি গিয়েছে। যার বাজার মূল্য ৪-৫ লাখ টাকা। যদিও অন্য একটি সূত্র বলছে, চুরির উদ্দেশ্যে এলেও কৃতকার্য হয়নি ওই ব্যক্তি। যদিও চুরি ছাপিয়ে আলোচনা চলছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবিযুক্ত চোরের মুখোশ নিয়ে। সেই কারণেই ভাইরাল হয়েছে ‘সচিন গুপ্ত’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা ভিডিওটি। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। হইচই চলছে সমাজমাধ্যমে।