ভাঙ্গায় গুপ্তধনের গুঞ্জন, মাটির নিচে মিলল ১৫ কলসি

Printed Edition
bangla-3
ভাঙায় খনন কাজের সময় মাটির নিচ থেকে মিলল ১৫টি কলসি। উৎসুক জনতার ভিড় : নয়া দিগন্ত

ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে উন্নয়ন কাজ চলাকালে মাটি খননের সময় ১৫টি পুরনো মাটির কলসি পাওয়াকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গুপ্তধন উদ্ধারের গুঞ্জন ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে ভিড় করেন শত শত কৌতূহলী মানুষ।

গত বৃহস্পতিবার বিকেলে পৌরসভার সড়ক ও ড্রেনেজ উন্নয়ন কাজের অংশ হিসেবে শ্রমিকরা খনন কাজ চালানোর সময় মাটির নিচ থেকে একের পর এক মাটির কলসি বেরিয়ে আসে। হঠাৎ এমন ঘটনা দেখে প্রথমে শ্রমিকরা বিস্মিত হয়ে পড়েন। বিষয়টি দ্রুত আশপাশের এলাকায় ছড়িয়ে পড়লে গুপ্তধন পাওয়ার গুজব রটে যায় এবং দূরদূরান্ত থেকে মানুষ ঘটনাস্থলে ভিড় করতে শুরু করেন।

পরে কলসিগুলো পরীক্ষা করে দেখা যায়, সেগুলোর ভেতরে কোনো স্বর্ণালঙ্কার, মুদ্রা বা মূল্যবান সামগ্রী নেই। ফলে গুপ্তধন পাওয়ার বিষয়টি গুজব বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, অতীতে গ্রামাঞ্চলে মাটির কলসি বিভিন্ন কাজে ব্যবহার করা হতো। অনেক সময় খাবার সংরক্ষণ বা গৃহস্থালির প্রয়োজনে এসব কলসি মাটির নিচে পুঁতে রাখা হতো। দীর্ঘদিন পর খননের সময় সেগুলো বেরিয়ে আসতে পারে বলে তারা মনে করছেন।

ঘটনাটি জানাজানি হওয়ার পর কিছু সময়ের জন্য এলাকায় কৌতূহলী মানুষের ভিড় দেখা গেলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। স্থানীয় কর্তৃপক্ষও বিষয়টিকে সাধারণ ও কাকতালীয় ঘটনা বলে উল্লেখ করেছেন এবং গুপ্তধনসংক্রান্ত গুজবে কান না দেয়ার আহ্বান জানিয়েছেন।