নয়া দিগন্তে সংবাদ প্রকাশ

দেবীগঞ্জে সহায়তা পেল ক্ষতিগ্রস্ত ২ পরিবার

Printed Edition

দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা

পঞ্চগড়ের দেবীগঞ্জে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত দুই পরিবার অবশেষে সরকারি সহায়তা পেয়েছে। গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে এলে দ্রুত এই সহায়তার উদ্যোগ নেয়া হয়।

গত ২৮ মার্চ রাতে উপজেলার বালাখুড়ি এলাকায় আকস্মিক শিলাবৃষ্টিতে আব্দুর রহিম খান ও ভ্যানচালক সিরাজুল ইসলামের বসতঘর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বড় বড় শিলার আঘাতে টিনের চাল ছেদা হয়ে ঘরের ভেতর বৃষ্টির পানি ঢুকে পড়ে। এতে আসবাবপত্রসহ প্রয়োজনীয় জিনিসপত্র নষ্ট হয়ে চরম দুর্ভোগে পড়ে পরিবার দু’টি। বিষয়টি নিয়ে দৈনিক নয়া দিগন্তে সংবাদ প্রকাশিত হলে দ্রুত নড়েচড়ে বসে স্থানীয় প্রশাসন।

সংবাদ প্রকাশের পর উপজেলা প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করে এবং ক্ষতিগ্রস্ত পরিবার দু’টির হাতে আর্থিক অনুদান ও প্রয়োজনীয় সামগ্রী তুলে দেয়। সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। আব্দুর রহিম খান বলেন, ‘সংবাদ প্রকাশের পর আমরা দ্রুত সহায়তা পেয়েছি। এ জন্য সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞ।’

দেবীগঞ্জ ইউএনও সবুজ কুমার বসাক বলেন, ক্ষয়ক্ষতির সংবাদটি নজরে আসার পরপরই আমরা ঘটনাস্থল পরিদর্শন করে পরিবারগুলোকে সহায়তা দিয়েছি। জনস্বার্থে এমন তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। গণমাধ্যমের এমন দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেছেন স্থানীয় বাসিন্দারাও।