৪৩ লাখ টাকা দিয়েও নিখোঁজ আলভী দিশেহারা পরিবার
Printed Edition
মাদারীপুর প্রতিনিধি
সরাসরি বিমানে ইতালি নেয়ার প্রলোভন দেখিয়ে মাদারীপুরের এক যুবকের কাছ থেকে ৪৩ লাখ টাকা হাতিয়ে নিয়েছে মানবপাচারকারী চক্র। তবে ১৮ দিন ধরে নিখোঁজ আলভী খান (২৫) নামের ওই যুবকের কোনো হদিস মিলছে না। তিনি সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের কুন্তিপাড়া গ্রামের এমদাদ হোসেন খানের ছেলে।
স্বজনরা জানান, গত বছরের ১৫ অক্টোবর চুক্তির ২১ লাখ টাকা পরিশোধের পর আলভীকে আকাশপথে সৌদি আরব নিয়ে যান ডাসার উপজেলার বালিগ্রামের দালাল রাতুল হাওলাদার। পরে সেখান থেকে তাকে লিবিয়ায় নিয়ে একটি বন্দিশিবিরে আটকে রাখা হয়। আলভীকে নির্যাতনের অডিও রেকর্ড পাঠিয়ে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয়। বাধ্য হয়ে গত ৪ নভেম্বর বিভিন্ন ব্যাংকের মাধ্যমে আরো ২২ লাখ টাকা দেন স্বজনরা। এরপর আবারো মুক্তিপণ চাওয়া হলে পরিবার অস্বীকৃতি জানায়। গত ৪ এপ্রিল থেকে আলভীর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় চক্রটি।
ছেলের সন্ধানে ও দোষীদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। এ ঘটনায় আলভীর বাবা বাদি হয়ে ১৯ এপ্রিল রাতুলসহ ছয়জনের নামে মানবপাচার আইনে মামলা করেছেন। মাদারীপুর সদর মডেল থানার ওসি আবুল কালাম আজাদ জানান, মামলায় প্রধান আসামি রাতুল হাওলাদারকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। নিখোঁজ যুবকের অবস্থান শনাক্তের চেষ্টা চলছে।