দ্রুততম ১০০ জয়ের রেকর্ড উনাই এমেরির

Printed Edition

ক্রীড়া ডেস্ক

উয়েফা ইউরোপা লিগের শেষ ষোলোর প্রথম লেগে ফরাসি ক্লাব লিল অলিম্পিক স্পোর্টিং ক্লাবকে ১-০ গোলে হারিয়ে নতুন ইতিহাস গড়েছে ইংলিশ ফুটবল ক্লাব অ্যাস্টন ভিলা। এই জয়ের মাধ্যমে ক্লাবটির কোচ উনাই এমেরি সবচেয়ে দ্রুত সময়ের মধ্যে ১০০তম জয় পাওয়া কোচ হিসেবে রেকর্ড গড়েছেন। শেষ ষোলোর অপর ম্যাচে পোর্তো ২-১ গোলো স্টুটগার্ডকে, পানাথিনাইকস এফসি ১-০ গোলে রিয়াল বেতিসকে পরাজিত করে। এ ছাড়া বোলোগ্না ও রোমার মধ্যকার ম্যাচটি গোলশূন্য ড্র হয়।

অ্যাস্টন ভিলার স্প্যানিশ এই অভিজ্ঞ কোচ মাত্র ১৮১ ম্যাচে ১০০ জয় তুলে নিয়ে ক্লাব ইতিহাসে নতুন মাইলফলক স্থাপন করেন। তার অধীনে ভিলার জয় হার এখন ৫৫.২ শতাংশ, যা ক্লাবটির ইতিহাসে সর্বোচ্চ। ২০২২ সালের অক্টোবরে দায়িত্ব নেয়ার পর থেকেই দলটিকে ঘরের মাঠ ও ইউরোপের মঞ্চে শক্তিশালী দলে পরিণত করেছেন তিনি।

বর্তমান সময়ে ইংল্যান্ডের শীর্ষ লিগে তার সময়কালে সবচেয়ে বেশি জয় পাওয়া কোচদের তালিকায় তার উপরে আছেন কেবল দুই স্প্যানিশ কোচ পেপ গার্ডিওলা ও মাইকেল আর্টেটা।

ভিলার ইতিহাসে এর আগে দ্রুত ১০০ জয় পাওয়া কোচ ছিলেন রন স্যান্ডার্স। তিনি ১৯৭৭-৭৮ মৌসুমে দায়িত্ব নেয়ার চার মৌসুম পর এই মাইলফলক স্পর্শ করেছিলেন। তার নেতৃত্বেই ক্লাবটি দীর্ঘ ৭১ বছর পর শীর্ষ লিগের শিরোপা জিতেছিল এবং পরে ইউরোপীয় প্রতিযোগিতাতেও সাফল্য পায়।