ডিএনসিসির উদ্যোগে আগারগাঁও পুরাতন বাণিজ্যমেলার মাঠে হবে ঈদ জামাত
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
গত বছরের ধারাবাহিকতায় এবারো পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে রাজধানীর আগারগাঁওয়ে চিন-মৈত্রী সম্মেলন কেন্দ্রসংলগ্ন পুরাতন বাণিজ্যমেলার মাঠে সকাল ৮টায় কেন্দ্রীয় ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
ডিএনসিসি কেন্দ্রীয় ঈদ জামাত আয়োজন উপলক্ষে গতকাল ডিএনসিসির কনফারেন্স রুমে এক প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়। সভায় ঈদ জামাত অনুষ্ঠানের সময়সূচি নির্ধারণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন ডিএনসিসি প্রশাসক মো: শফিকুল ইসলাম খান।
সভায় ডিএনসিসি প্রশাসক মো: শফিকুল ইসলাম খান সংশ্লিষ্ট সব কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্তদের উদ্দেশে বলেন, যার যার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে এবং নগরবাসীকে এ বিষয়ে অবহিত করতে হবে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের কেন্দ্রীয় ঈদ জামাতে অংশগ্রহণের জন্য সব ধর্মপ্রাণ মুসল্লি ও নগরবাসীকে আমন্ত্রণ জানানো হয়েছে।