নাইজেরিয়ায় ২০ জনকে হত্যা করে গবাদিপশু লুট
Printed Edition
এএফপি
নাইজেরিয়ার মধ্যাঞ্চলের একটি গ্রামে বন্দুকধারী ডাকাতদের হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। হামলাকারীরা গবাদি পশুও লুট করে নিয়ে গেছে বলে জানিয়েছে স্থানীয় একটি উন্নয়ন সংস্থা। নাইজেরিয়ায় গ্রামবাসীরা যেসব সশস্ত্র গোষ্ঠীকে ‘ডাকাত’ বলে উল্লেখ করে, তারা প্রায়ই গ্রামগুলোতে হামলা চালিয়ে গণহত্যা, অপহরণ এবং মুক্তিপণের জন্য লুটপাট করে থাকে।
কানাম ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (কেএডিএ) এক বিবৃতিতে জানায়, গত শুক্রবার দেশের মধ্যাঞ্চলীয় প্লাতু রাজ্যে এই হামলার ঘটনা ঘটে। বন্দুকধারীরা নিয়মিত টহলরত সৈন্যদের ওপর অতর্কিত হামলা চালায়। সংস্থাটি জানায়, গোলাগুলির সময় ১২ জন নিরাপত্তা সদস্য নিহত হন। এ সময় আরো আটজন গ্রামবাসীও প্রাণ হারান।
এরপর বন্দুকধারীরা কাছের একটি গ্রামে ঢুকে গবাদি পশুসহ বিভিন্ন সম্পদ লুট করে নিয়ে যায়। কেএডিএ বলেছে, এই হামলা ইতোমধ্যেই ঝুঁকিপূর্ণ গ্রামীণ জনগোষ্ঠীর দুর্ভোগ আরো বাড়িয়ে তুলেছে। সাম্প্রতিক বছরগুলোতে এ অঞ্চলের গ্রামগুলো বারবার হামলা ও অপহরণের শিকার হয়েছে। আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়া বিদ্রোহসহ বিভিন্ন নিরাপত্তা সংকটের মুখে রয়েছে। দেশটির সেনাবাহিনী চরমপন্থী ইসলামপন্থী সহিংসতার বিস্তার ঠেকাতে লড়াই করছে। তবে অঞ্চলে অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর উপস্থিতি পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে।