ইস্পাত কঠিন ঐক্য গড়ে দেশকে এগিয়ে নিতে হবে : রাষ্ট্রদূত মুশফিকুল ফজল

সিলেট ব্যুরো
Printed Edition

জনগণের আমানতদারী প্রতিষ্ঠার মাধ্যমে নতুন বাংলাদেশের পথ রচনার আহ্বান জানিয়ে মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্টদূত মুশফিকুল ফজল আনসারী বলেছেন, সাবর্জনীন ইস্পাত কঠিন ঐক্য গড়ে দেশকে সঠিক গন্তব্যের পথে এগিয়ে নিতে হবে। দেশে বিদেশে বাংলাদেশের মানুষ ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের মাধ্যমে যে অধিকার প্রতিষ্ঠা করেছেন তা থেকে কেউ আমাদের দমিয়ে রাখতে পারবে না। দেশের মানুষের সাথে হাজার হাজার প্রবাসীও ফ্যাসিবাদের পতনের জন্য ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্যজুড়ে আন্দোলন করেছেন। সৌদি আরব ও আরব আমিরাতে নিষিদ্ধ রাজনৈতিক পরিবেশে মিছিল সমাবেশ করার কারণে অনেকেই গ্রেফতার হয়েছিলেন। তিনি প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সকে বাংলাদেশ অর্থনীতির ‘লাইফলাইন’ উল্লেখ করে বলেন, ‘গত এক বছরে প্রবাসীরা বাংলাদেশে রেমিট্যান্স পাঠিয়েছেন ৩০ বিলিয়ন ডলার। এর মধ্যে সিলেটি প্রবাসীরা পাঠিয়েছেন ৮ বিলিয়ন ডলার, যা মোট রেমিট্যান্সের ২৬ শতাংশ। তিনি বলেন, সিলেট প্রবাসী অধ্যুষিত এলাকা। সিলেটবাসী প্রবাসীদের পথ দেখিয়েছেন। সিলেটের প্রবাসীরা বাংলাদেশ অর্থনীতিতে যে বিশাল জোগান দেন তার ন্যায্য হিস্যা আমরা পাই না।

রাষ্টদূত মুশফিকুল ফজল আনসারী গতকাল বিকেলে সিলেট নগরীর পিটিআই অডিটোরিয়ামে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ব্যারিস্টার মো: গোলাম সরওয়ার ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নেয়ামত উল্লাহ ভূঁইয়া, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পরিচালক গিয়াস উদ্দিন আহমদ। আরো বক্তব্য রাখেন- সিলেটের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজা-উন-নবী, এসএমপি কমিশনার অতিরিক্ত রেজাউল করিম পিপিএম, সিলেট জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহ্বুব মুরাদ।

সিনিয়র সচিব নেয়ামত উল্লাহ ভূঁইয়া বলেন, একাত্তরে আমরা স্বাধীনতা লাভ করেছিলাম; কিন্তু মুক্তি পাইনি। ৫ আগস্টে এই জাতি মুক্তির স্বাদ পেয়েছে। তিনি বলেন, অনৈক্য ও বিভেদের দেয়াল ভেঙে দিন, ঐক্যবদ্ধ থাকুন। সব ফ্যাসিবাদের বিচার হতে হবে। তিনি বলেন, ১৬ বছর এ দেশে প্রশাসনের কোনো হৃদয় ছিল না, সরকারের হৃদয় ছিল না, প্রধানমন্ত্রীর কোনো হৃদয় ছিল না। ছিল দুর্বৃত্তপনা, লুটপাট, গুম, আয়নাঘর, কারাগার। জুলাই-আগস্টে মানুষ সবকিছু ভেঙে দিয়েছে। এখন নতুন বাংলাদেশের শপথ নিতে হবে।

অনুষ্ঠান শেষে অতিথিরা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ও ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের উদ্যোগে সিলেট বিভাগের চার জেলার ১১৬ জনকে পাঁচ কোটি ১৫ লাখ টাকার অনুদানের চেক প্রদান করেন।