হোসেনপুরে কলেজ ছাত্রের গলা কাটা লাশ উদ্ধার

Printed Edition

হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা

কিশোরগঞ্জের হোসেনপুরে ব্রহ্মপুত্র নদ থেকে তরিকুল ইসলাম ইমন (১৮) নামের এক কলেজ শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার বিকেলে উপজেলার সীমান্তবর্তী পাগলা থানাধীন খুরশিদ মহল সেতুর নিচে ব্রহ্মপুত্র নদ থেকে ভাসমান লাশটি উদ্ধার করে ভৈরব ফাঁড়ির নৌ পুলিশ।

নিহত তরিকুল হোসেনপুর পৌর এলাকার ৭ নং ওয়ার্ডের ঢেকিয়া মীর পাড়ার স্বর্ণ ব্যবসায়ী মাসুদ মীরের ছেলে ও স্থানীয় বিএম কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী।

পুলিশ জানায়, গত মঙ্গলবার দুপুর থেকেই হোসেনপুর-গফরগাঁও সড়কের ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত খুরশিদ মহল সেতুর নীচে ভাসমান লাশটি দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়।

পাগলা থানার ওসি মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, লাশটি উদ্ধার করতে ভৈরব নৌ পুলিশকে অবহিত করলে তারা লাশটি উদ্ধার করে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেন।

ভৈরব নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক কামরুল হাসান জানান, লাশের সুরতহালে দেখা যায়, নিহতের কন্ঠনালী ও মাথার পিছনে বড় ধরণের ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এ ছাড়া শরীরের বিভিন্ন স্থানেও ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। মনে হচ্ছে এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড। ধারণা করা হচ্ছে হত্যার পর লাশটি নদীতে ফেলে দেয়া হয়েছে।