বিশ্বকাপ ফুটবল ২০২৬

চমক আর অঘটনের বিশ্বকাপ

Printed Edition
first-5
সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ের জালে বল পাঠিয়ে সৌদি আরবের আবদুল্লাহ আল আমরির বাঁধ ভাঙা উল্লাস : ইন্টারনেট

রফিকুল হায়দার ফরহাদ

নিউ ইয়র্ক থেকে

একে একে শেষ হলো ২০২৬ বিশ্বকাপের ১৬টি ম্যাচ। এই ম্যাচগুলোতে ৩২টি দল তাদের প্রথম ম্যাচ শেষ করেছে। এখনো ১৬টি দলের প্রথম খেলা বাকি আছে। ২৩ জুনের মধ্যে সব দল এবারের বিশ্বকাপে একটি করে ম্যাচ শেষ করবে। প্রতি বিশ্বকাপেই কিছু চমক থাকে। যোগ হয় কিছু অঘটনের। চলতি মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডা বিশ্বকাপও সেই চমকের সাক্ষী। এর মধ্যে সেরা চমক দেখিয়েছে আটলান্টিক মহাসাগরে অবস্থিত দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মাত্র সাড়ে পাঁচ লাখ জনগোষ্ঠীর সাড়ে চার হাজার বর্গমাইলের এই দেশ রুখে দিয়েছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন সাবেক ইউরো সেরা স্পেনকে। আর গতকাল তো ছিল ড্র ‘ডে’ও। এই দিন চার ভেনুতে হওয়া চার ম্যাচের প্রত্যেকটিই ড্র হয়েছে। এই ড্রতে ফিরিয়ে এনেছে ১৯৫৮ সালে সুইডেনে হওয়া বিশ্বকাপকে। সূচি অনুযায়ী সেবার একদিনে হওয়া আটটি ম্যাচের মধ্যে চারটিই হয়েছিল ড্র।

চমকের সাথে একাধিক রেকর্ডও হয়েছে এখন পর্যন্ত। মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচে ব্রাজিলের রেফারি তিনটি লাল কার্ড দেখিয়েছেন। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে এত বেশি লাল কার্ডের ঘটনা আগে ঘটেনি। সেই ম্যাচে মেক্সিকোর ২-০ গোলে জয়। বিশ্বকাপের ইতিহাসে নিজ ভেনুতে প্রথম ম্যাচে এখন পর্যন্ত হারেনি মেক্সিকো। ১৯৭০, ১৯৮৬ সালের পর এবার ২০২৬ এও নিজ মাঠে অপরাজিত তারা।

এবারের তিন আয়োজক দেশের অন্যতম মার্কিন যুক্তরাষ্ট্র। তারা যে ম্যাচে প্রতিপক্ষের উপহার দেয়া গোল পেয়েছে অর্থাৎ আত্মঘাতী গোল সেই ম্যাচে তারা হারেনি। সর্বশেষ প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে তাদের এগিয়ে যাওয়া ছিল আত্মঘাতী গোলে। বিশ্বকাপে এটি তাদের চতুর্থবারের মতো আত্মঘাতী গোল পাওয়া, যার শুরু হয়েছিল ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রের মাঠেই।

স্পেনের বিপক্ষে কেপ ভার্দের ড্রয়ের আগে এবারের বিশ্বকাপে অঘটনের জন্ম দিয়েছে অস্ট্রেলিয়া। তারা ২-০ গোলে পরাজয়ের লজ্জা দেয় তুরস্ককে। এই তুর্কিরা ২০০২ সালের সেমিফাইনালিস্ট ও তৃতীয় হওয়া দল। এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়া পিছিয়ে পড়েও ২-১ গোলে জিতেছে চেক রিপাবলিকের বিপক্ষে। আর জাপান ২-২ গোলে ড্র করেছিল নেদারল্যান্ডসের সাথে।

আগে বিশ্বকাপ খেললেও এবারই প্রথম পয়েন্টের দেখা পেয়েছে কাতার ও কানাডা। কাতারের ১-১ গোলে ড্র করা সুইজারল্যান্ডের সাথে। আর কানাডা পিছিয়ে পড়েও ১-১ এ খেলা শেষ করে বসনিয়া হার্জেগোভিনার সাথে। ২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই জয়ে আসর শুরু করল স্কটল্যান্ড। তাদের ১-০তে জয় হাইতির বিপক্ষে। এই ক্যারিবিয়ান দ্বীপ রাষ্টটিও লম্বা সময় পর অর্থাৎ ১৯৭৪ এরপর ফিরেছে গ্রেটেস্ট শো অন আর্থ নামের এই ফুটবল মহাযজ্ঞে।

আর ব্রাজিলকে ড্র করতে বাধ্য করে মরক্কো বুঝিয়ে দিয়েছে তাদের গত বিশ্বকাপের সেমিতে খেলাটা কোনো ফ্লুক ছিল না। অন্যদিকে গত বছর বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারানোর পর এবার আরেক সাবেক বিশ্বকাপ জয়ী উরুগুয়ের সাথে ড্র করল সৌদি আরব। শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরের বিপক্ষে আইভরি কোস্টের ১-০ গোলে জয়টিও একটি ঘটনা। বেলজিয়ামের সাথে ড্র করে মিসর জানিয়ে দিয়েছে আফ্রিকান প্রতিনিধি হিসেবে তাদেরও ভালো করার আরো সুযোগ আছে।

তবে স্পেনের বিপক্ষে কেপ ভার্দের ড্রটা অন্য সব চমক/অঘটনকে ছাড়িয়ে গেছে। অন্য আরো তিনটি দলের সাথে এবারের বিশ্বকাপে অভিষেক কেপ ভার্দের। মাত্র সাড়ে পাঁচ লাখ লোকের এই দেশ। তাদের ফুটবল লিগও উন্নত না। অথচ ময়দানি লড়াইয়ে তারা সমান তালেই লড়েছে। শেষ সময়ের চান্সটি যদি তারা কাজে লাগাতে পারত, তাহলে হয়তো নতুন একটি ইতিহাস হতো। কর্নার থেকে আসা বলে করা হেডটি গোলরক্ষক সোজা যাওয়ায় রক্ষা স্পেনের।

এই ১৬ ম্যাচের মধ্যে ১৩টিই হয়েছে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। অন্য তিন ম্যাচের ফলাফল একপেশে। বিশ্বকাপের ম্যাচে আরো প্রতিদ্বন্দ্বিতা চায় ফুটবলভক্তরা। এই ম্যাচগুলো হলো প্যারাগুয়ের বিপক্ষে যুক্তরাষ্ট্রের ৪-১ গোলে জয়, কুরাসাওকে জার্মানির ৭-১ গোলে উড়িয়ে দেয়া এবং তিউনিসিয়ার বিপক্ষে সুইডেনের ৫-১ গোলে জয়। ক্যারিবিয়ান সাগরের ছোট দ্বীপরাষ্ট্র কুরাসাও। এবারই প্রথম তারা খেলছে বিশ্বকাপে। এরপরও তারা এমন বাজেভাবে হারবে জার্মানির কাছে তা কেউই আশা করেনি। তবে যুক্তরাষ্ট্রের কাছে প্যারাগুয়ের ১-৪ গোলে হার আর তিউনিসিয়ার বিপক্ষে সুইডেনের ৫-১ গোলে জয়টি অঘটনের পর্যায়েই। উভয় দলই এমন বাজে হারের মতো দল নয়। এই হারের পরপরই তিউনিসিয়ার কোচ সাবরি লামুছিকে বরখাস্ত করে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন। তার জায়গায় দায়িত্ব দেয়া হয়েছে সৌদি আরব ও মরক্কোর সাবেক কোচ হার্ভে রেনার্ডকে।