সোনারগঁাঁওয়ে চুনভর্তি ট্রাকে আগুন
Printed Edition
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চুনভর্তি একটি চলন্ত ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ছোট সাদিপুর এলাকায় ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অতিরিক্ত তাপমাত্রার কারণে ট্রাকে আগুন ধরে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সোনারগাঁওয়ের পিরোজপুর মেঘনা এলাকার একটি চুন কারখানা থেকে ট্রাকটি চুনা বোঝাই করে সিদ্ধিরগঞ্জের দিকে যাচ্ছিল। পথে ছোট সাদিপুর এলাকায় পৌঁছালে হঠাৎ ট্রাকের পেছনের অংশে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা। চালক বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে দ্রুত ট্রাকটি মহাসড়কের পাশে থামিয়ে দেন। এতে বড় ধরনের বিপদ থেকে রক্ষা পান ট্রাকে থাকা চালক ও সহকারীরা।
আগুন লাগার পর ট্রাকের ভেতরের লোকজন ও স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে পানি ছিটিয়ে নেভানোর চেষ্টা শুরু করেন। প্রায় ৩০ মিনিটের প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে ট্রাকে থাকা বেশ কিছু চুনা পুড়ে নষ্ট হয়ে যায়। ঘটনার পরপরই ট্রাকে থাকা শ্রমিকেরা দ্রুত স্থান ত্যাগ করেন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও ততক্ষণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়দের অভিযোগ, মেঘনা শিল্পাঞ্চল এলাকায় বেশ কিছু অবৈধ চুন কারখানা গড়ে উঠেছে। এসব কারখানা থেকে অপরিশোধিত ও উত্তপ্ত চুনা ট্রাকে করে পরিবহনের সময় প্রায়ই এমন ছোটখাটো বিপত্তি ঘটে। তবে মহাসড়কের পাশে দ্রুত গাড়িটি থামানোয় অন্য কোনো যানবাহনের ক্ষতি হয়নি। কাঁচপুর হাইওয়ে থানার ইনচার্জ বিষ্ণুপদ শর্মা জানান, ট্রাকে আগুনের ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। আগুনের কারণে মহাসড়কে যান চলাচলে কোনো বিঘœ ঘটেনি এবং যানজটের সৃষ্টি হয়নি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।