রাজপথে মৃত্যুর হানা

বগুড়ায় ভ্যানচালক ভালুকায় যুবক নিহত

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

পৃথক সড়ক দুর্ঘটনায় বগুড়ার নন্দীগ্রামে এক অটোভ্যানচালক এবং ময়মনসিংহের ভালুকায় এক যুবক নিহত হয়েছেন। এ ছাড়া ঝালকাঠির নলছিটিতে বাস খাদে পড়ে আহত হয়েছেন ১০ জন।

বগুড়া অফিস জানায়, বগুড়ার নন্দীগ্রামে দ্রুতগতির ট্রাকের ধাক্কায় মো: হাসেম আলী (৩৫) নামের এক অটোভ্যানচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার উপজেলার কুন্দারহাট বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসেম আলী নন্দীগ্রাম উপজেলার কালিকাপুর সড়কপাড়ার ইন্তাজ হোসেনের ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, হাসেম আলী কুন্দারহাট এলাকা থেকে অটোভ্যানে করে কয়েকটি ফ্রিজ নিয়ে নন্দীগ্রামের দিকে যাচ্ছিলেন। পথে কুন্দারহাট বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বগুড়া থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তার ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোভ্যানটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটির সাথে চাপা পড়ে এবং হাসেম আলী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, ময়মনসিংহের ভালুকায় ব্যাটারিচালিত অটোরিকশা-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মো: শিহাব মিয়া (২১) নামে একটি কারখানার জুনিয়র টেকনিশিয়ান নিহত হয়েছেন। উপজেলার বিরুনীয়া ইউনিয়নের গোয়ারী মুক্তিরবাজার এলাকায় ভালুকা-গফরগাঁও সড়কে বৃহ®স্পতিবার ওই দুর্ঘটনাটি ঘটে। গোয়ারী গ্রামের আলম মিয়ার ছেলে মো: শিহাব উপজেলার মল্লিকবাড়ি মোড় এলাকায় বাটারফ্লাই কারখানায় জুনিয়র টেকনিশিয়ান হিসেবে কাজ করতেন।

থানা ও পরিবার সূত্রে জানা যায়, গোয়ারী গ্রামের আলম মিয়ার ছেলে নিহত মো: শিহাব মিয়া বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে মোটরসাইকেলে তার কর্মস্থলে যাচ্ছিলেন। ওই সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সাথে তার মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষে তিনি নিহত হন।

ঝালকাঠি প্রতিনিধি জানান, ঝালকাঠির নলছিটি উপজেলার একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার দপদপিয়া চৌমাথা এলাকায় বরিশাল-পটুয়াখালী মহাসড়কে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা বরগুনাগামী ‘আবদুল্লাহ পরিবহন’ নামে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে বাসে থাকা ১০ যাত্রী আহত হন। আহতদের মধ্যে গুরুতর কয়েকজনকে উদ্ধার করে দ্রুত বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

স্থানীয়দের ধারণা, বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল থাকায় বাসটি অতিরিক্ত গতিতে মোড়ে ব্রেক করলে পিছলে গিয়ে নিয়ন্ত্রণ হারায় এবং খাদে পড়ে যায়।

চুয়াডাঙ্গা প্রতিনিধি জানান, চুয়াডাঙ্গার দামুড়হুদায় নিউ মডার্ন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি দোকানের ভেতরে ঢুকে পড়ে। এতে কোনো বাসযাত্রী হতাহত না হলেও বাস ও দোকানের ব্যাপক ক্ষতি হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোরে কুয়াকাটা থেকে মুজিবনগরগামী নিউ মডার্ন পরিবহনের একটি বাস দামুড়হুদার জয়রামপুর কাঁঠালতলা এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি দোকানে গিয়ে আঘাত হানে।

প্রত্যক্ষদর্শী এক যুবক জানান, ‘ভোরে ফজরের নামাজ শেষে জয়রামপুর কাঁঠালতলা বাজারে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ কুয়াকাটা থেকে মুজিবনগরগামী নিউ মডার্ন পরিবহন দ্রুতগতির একটি বাস সড়কের পাশের একটি দোকানের ভেতরে ঢুকে পড়ে। এ সময় বাসের ভেতরে থাকা যাত্রীরা চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে বাসে থাকা যাত্রীদের উদ্ধার করে। তবে তাদের বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। বাসের সামনের অংশ এবং দোকানটির কিছু ক্ষতি হয়েছে। অভিযোগ উঠেছে, দুর্ঘটনার সময় বাসটির হেলপার গাড়ি চালাচ্ছিল।