সংসদের কেনাকাটায় ‘হরিলুট’
তদন্তে পাঁচ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি
Printed Edition
সংসদ প্রতিবেদক
জাতীয় সংসদের কেনাকাটায় ‘হরিলুট’ শিরোনামে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের সত্যতা যাচাইয়ে পাঁচ সদস্যের একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করেছেন স্পিকার মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমদ। কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। গতকাল সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা-১ এর পরিচালক মো: মনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সরকারদলীয় হুইপ এ বি এম আশরাফ উদ্দিনের (নিজান) নেতৃত্বে গঠিত এই কমিটিতে রয়েছেন লুৎফুল্লাহেল মাজেদ (ময়মনসিংহ-৮), মো: সাইফুল আলম (ঢাকা-১২), হুম্মাম কাদের চৌধুরী (চট্টগ্রাম-৭), মো: আবুল হাসনাত (কুমিল্লা-৪)।
এই কমিটিকে পরবর্তী দিনের মধ্যে বর্ণিত বিষয়ে সরেজমিন তদন্তপূর্বক প্রতিবেদন জমা দেয়ার জন্য সময়সীমা বেঁধে দেয়া হয়েছে।