দূতাবাসের পোস্টে ট্রাম্পের বার্তা

ভারতের সাথে আমাদের সম্পর্ক আরো শক্তিশালী হবে

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

চলমান মধ্যপ্রাচ্যের যুদ্ধ এবং ইরানে মার্কিন সেনার স্থল আক্রমণের আশঙ্কার মধ্যে শুক্রবার ভারতে অবস্থিত মার্কিন দূতাবাসের পোস্ট করা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক বার্তা বিশ্বজুড়ে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।

বার্তায় বলা হয়েছে, ভবিষ্যতে ভারতের সাথে আমাদের চমৎকার সম্পর্ক আরো শক্তিশালী হবে। প্রধানমন্ত্রী মোদি এবং আমি এমন দু’জন ব্যক্তি যারা কাজ করিয়ে নিতে পারেন, যা অধিকাংশের ক্ষেত্রে বলা যায় না প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্প।

প্রধানমন্ত্রী মোদির সাথে মঙ্গলবারের ফোনালাপের পর ট্রাম্পের এ মন্তব্য এসেছে। সে ফোনালাপে তারা মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান যুদ্ধ পরিস্থিতি এবং এ অঞ্চলে স্থিতিশীলতার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন। ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের ওপর সমন্বিত হামলা চালানোর পর দুই নেতার মধ্যে এটিই ছিল প্রথম ফোনালাপ।

ফোনালাপের পর প্রধানমন্ত্রী মোদি ভারতের অবস্থান পুনর্ব্যক্ত করেন এবং উত্তেজনা প্রশমনের গুরুত্ব ও বিশ্ব বাণিজ্যের জন্য হরমুজ প্রণালীকে উন্মুক্ত, সুরক্ষিত ও সহজগম্য রাখার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

উভয় নেতা আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা এবং গুরুত্বপূর্ণ বৈশ্বিক নৌপথের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে ঘনিষ্ঠ যোগাযোগ রাখতে ও আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছেন।

মোদি সমাজমাধ্যমে লিখেছিলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের কাছ থেকে একটি ফোন পেয়েছিলাম এবং পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে ফলপ্রসূ মতবিনিময় হয়েছে। ভারত যত দ্রুত সম্ভব উত্তেজনা প্রশমন এবং শান্তি পুনরুদ্ধারের পক্ষে। হরমুজ প্রণালী উন্মুক্ত, নিরাপদ এবং সহজগম্য রাখা সমগ্র বিশ্বের জন্য অপরিহার্য। শান্তি ও স্থিতিশীলতার প্রচেষ্টার বিষয়ে আমরা যোগাযোগ রাখতে সম্মত হয়েছি।